৮৬ পেরিয়ে ‘অপরাজিত’

নিউজটাইম ওয়েবডেস্ক : অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন, তবুও জীবনের রঙ্গমঞ্চ থেকে যেদিন নেমে গেলেন অপু, সেদিনটাকে বিশ্বাস করতে পারেনি কোনো সিনেপ্রেমী। দীপাবলির আলো তখনও নেভেনি, অপু হারা কলকাতা সেদিন নেমে এসেছিল রাজপথে। শেষ শ্রদ্ধা প্রিয় অভিনেতাকে। তবু সৌমিত্র যেন ‘শেষ হয়েও হইল না শেষ’,  ৮৬ পেরিয়ে তাই আজও ‘অপরাজিত’ অপু।

 কর্মজীবনের ইনিংস শুরু করেছিলেন রেডিও ঘোষক হিসাবে। পেশায় রেডিও ঘোষক হলেও যাতায়াত ছিল ছবির সেটে। তেমনই জলসাঘরের শুটিং দেখে যখন ফিরছেন সৌমিত্র, তখনই সত্যজিৎ তাঁকে দেখিয়ে বলেছিলেন, ‘এই ছেলেটি সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার পরবর্তী ছবি অপুর সংসারের অপুর ভূমিকায় অভিনয় করবে’। সেই শুরু, এর পর আর ফিরে তাকাতে হয় নি সৌমিত্রকে। একের পর এক ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সৌমিত্র। অপু থেকে উদয়ন পন্ডিত, ফেলুদা থেকে বরুণ বাবু – ৬ দশকের বেশি সময় ধরে ৩০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান।

শুধু সিনেমা নয় মঞ্চেও নিজের জাত চিনিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজীবন নাটক নিয়ে একের পর এক পরীক্ষা করে গিয়েছেন শিশির ভাদুড়ির অনুসারী এই অভিনেতা। অভিনেতা সৌমিত্রের কাছে কোথাও যেম চাপা পড়ে গেছেন লেখক সৌমিত্র। সাহিত্যিক হিসাবে সৌমিত্রের পদচারনা ছিল সাবলীল। ছবি আঁকাতেও বিশেষ আগ্রহ ছিল অভিনেতার। আজীবন বামপন্থী সৌমিত্র নিজের জীবনের শেষ লেখায় সিপিআইএমের মুখপত্রে লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস করি, বামপন্থাই বিকল্প’।

২০২০ সাল হয়তো অনেক কিছুই কেড়ে নিয়েছে আমাদের থেকে। তবে ৮৬ তম জন্মদিনে হলফ করে বলা যায় মানুষ সৌমিত্রের আয়ু ফুরিয়ে গেলেও শিল্পী সোমিত্র আজও ‘অপরাজিত’

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube