আগামী শনি ও রবিবার জল বন্ধ থাকবে উত্তর কলকাতায়! জানালেন ফিরহাদ

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী শনি এবং রবিবার ২৪ ঘন্টার জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে উত্তর কলকাতায়। টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। ফলে ওই পাম্পিং স্টেশন থেকে যে যে জায়গায় জল সরবরাহ হয় তা হবে না। শনিবার সকালে জল দেওয়া হলেও দুপুর থেকে জল বন্ধ থাকবে। আবার ফের রবিবার বিকেল থেকে জল সরবরাহ শুরু হবে। এমনটাই জানালেন কলকাতা পুরনিগমের প্রধান প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আর জি কর রোডের নীচ দিয়ে যাওয়া পুরনিগমের জলের পাইপে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল মেরামত করতেই আগামী শনি ও রবিবার উত্তর কলকাতায় ২৪ ঘন্টার জন্য জল বন্ধ রাখা হবে বলে এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন।
 
গত রবিবার উত্তর কলকাতার আর জি কর রোডের কাছে কলকাতা পুরনিগমের জল সরবরাহের ৬০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে হঠাৎ করে ফাটল দেখা যায়। তার জেরেই জল বেরিয়ে এলাকার বেশ কিছু অঞ্চলে জল জমে যায়। এমনকি জল ঢুকে যায় আর জি কর হাসপাতালের একাংশে। ফলে আর জি কর সংলগ্ন নীলমনি মিত্র রো-তে জল জমে যাওয়ায় বিপত্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। হাসপাতালের রোগীদেরও বিভিন্ন বিভাগে যেতে সমস্যায় পড়তে হয়। টালা পাম্পিং স্টেশন কাছে থাকার জন্য জল সরবরাহ বিঘ্নিত না হলেও ওই অঞ্চলের দূরবর্তী বাড়িতে জল সরবরাহের সমইয় জলের চাপ বেশ কম থাকছে বলে পুরনিগমের কাছে রিপোর্ট আসে। তার জেরেই আগামী শনি ও রবিবার উত্তর কলকাতায় জল বন্ধ রেখে পাইপ মেরামতের কাজ হবে।
 
রবিবারের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের আধিকারিকেরা। জরুরিকালীন ভিত্তিতে পাম্প বসিয়ে জমা জল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পাশের রাস্তাগুলি থেকে খালে ফেলা হয়। ফলে জল দাঁড়িয়ে থাকার সমস্যা কেটে যায়। কিন্তু সোমবার বিকালের দিকে একটি পাম্প খারাপ হওয়ার দরুণ আবারও জল জমতে শুরু করে ওই সব এলাকায়। স্থানীয় বরো কো-অর্ডিনেটর তরুণ সাহা জানান, ‘পোর্টেবেল পাম্প বসিয়ে জল ফেলার সময়ে একটি পাম্প বিকল হয়ে পড়ায় হাসপাতাল সহ কয়েকটি রাস্তায় ফের নতুন করে জল জমে যায়। নতুন পাম্প বসিয়ে জমা জল বার করে দেওয়া হচ্ছে।  হাসপাতাল সহ পাশের রাস্তা থেকে জল বের করে দেওয়া হলেও দু একটি জায়গায় জল জমে থাকতে পারে। তবে মঙ্গলবার সেই সব জল বের করে দেওয়া হবে।’   
 
এই ঘটনার জেরে ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, ‘এর আগেও ওই পাইপলাইনে লিকেজ হয়েছিল। তখন তা অস্থায়ীভাবে ঠিকও করা হয়েছিল। এবার পার্মানেন্টলি ঠিক করতে হবে। এর জন্য পুরনিগম প্রয়োজনীয়  নির্দেশিকা ২-১ দিনের মধ্যেই জারি করে দেবে।’ কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায় জানান, ‘আর জি করের কাছে পানীয় জলের পাইপ লাইনের একাংশে ফাটল হয়েছে। তবে এলাকায় জল সরবরাহ বন্ধ হয়নি। জল সরবরাহ চালু রেখেই পাইপ মেরামতির কাজ চলছে। মেরামতির জন্য সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে জল বন্ধ রেখে কাজ করা হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মনে হচ্ছে শনি আর রবিবার ২৪ ঘন্টার জন্য জল বন্ধ রাখতে হবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube