নিউজটাইম ওয়েবডেস্ক : শনির কাকভোরের বৃষ্টি শিরশিরানি বইয়ে দিয়েছিল অনেকেরই শরীরে। মেঘ কাটলে রোদ উঠলেই যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে সেটা গতকালই আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছিলেন। তবে তাঁদের অনুমান ছিল পারা পতন ঘটবে সোমবার সকাল থেকে। কিন্তু বাস্তবে দেখা গেল রবি সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তা ১৭’র আশেপাশে। কাজেই আগামী ২-৩দিন যে আরও পারা নামবে সেটা এখনই হলফ করে বলে দেওয়া যায়। একই সঙ্গে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিন। তার জেরে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে কড়া ঠান্ডার আমেজ মিলবে বলেই মনে করা হচ্ছে।
দিল্লির বুকে পারা এখনই নেমে গিয়েছে ৭ ডিগ্রিতে। সাধারনত দেশের রাজধানীতে কড়া ঠান্ডা পড়লে তার আমেজ মেলে বাংলাতেও। এবারেও কার্যত সেই আমেজের হাত ধরেই শীত আসছে বঙ্গে। কিন্তু এদিন আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্তই মিলবে এই ঠান্ডার আমেজ। তারপর কিন্তু আবারও শুরু হবে গরম লাগার পালা, বিশেষত রাতের দিকে। কারন মধ্য বঙ্গোপসাগতে তৈরি হতে চলা এক উচ্চচাপ বলয় যা উত্তর-পূর্ব মৌসুমি বায়ুকে টেনে আনবে বাংলার বুকে। তার জেরে দক্ষিনবঙ্গের বুকে ঢুকবে মেঘ যা থেকে বৃষ্টিও হতে পারে। তবে সেই উচ্চচাপ বলয় যদি দুর্বল হয় তাহলে খুব সমস্যা হবে না উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঠান্ডা শুকনো হাওয়ার বঙ্গজয়ে। আপাতত কলকাতা সহ বাংলাজুড়েই মিলবে ঠান্ডার আমেজ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তা ১৪-১৫। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তা ১২ হতে পারে। তবে মনে রাখা উচিত এটা শীতের আমেজ মাত্র, শীত নয়। শীত আসতে আরও কিছুদিন সময় লাগবে বলেই জানিয়েছেন আবহাওয়াদিবরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিনবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন ৩০ ডিগ্রির নীচেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে। শীত শীত ভাব থাকবে ভোরের দিকে ও রাতে। দক্ষিনবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সন্ধ্যার পর থেকেই সকাল অবধি দাপট থাকবে কুয়াশার। বেলার দিকে সূর্য উঠলে অবশ্য কুয়াশা কেটে যাবে। আপাতত নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিকিমে তুষারপাত হবে। আর তার জেরে আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশ কড়া ঠান্ডার আমেজ মিলতে পারে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

