সিব্বলের পর এবার বিহার বিপ‌র্যয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম

নিউজটাইম ওয়েবডেস্ক : কপিল সিব্বলের পর এবার ফের বিহারে কংগ্রেসের আশাভঙ্গ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিব্বলের সুর টেনেই তিনি বলেছেন এবার দলের মেনে নেওয়া উচিত ‌যে, অন্দরমহলেই ফাটল ধরেছে। বহু রাজ্যে সংগঠনের খাতা একেবারেই শূণ্যে রয়েছে জাতীয় কংগ্রেসের। এর আগেই কংগ্রেস নেতা কপিল সিব্বলের অভি‌যোগের নিস্পত্তির জন্যে দলীয় স্তরে ডাকা হয় বৈঠক। তবে সেই বৈঠক ‌যে নিস্ফলা হয় তা বলাই বাহুল্য। তবে এইবার চিদম্বরমের মন্তব্যে কংগ্রেসের বিড়ম্বনা আরও বাড়লো।

এই বিষয়ে অর্থমন্ত্রী সাফ জানান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও কর্নাটকের উপনির্বাচনের ফল দেখে তিনি অত্যন্ত চিন্তিত। উপনির্বাচনের ফলাফল ভালো করে প‌র্যবেক্ষণ করলেই বোঝা ‌যাবে ‌যে, একেবারে নীচু স্তরে দলের কোনো সংগঠনই নেই।

সোমবারই ক্ষুব্ধ কংগ্রেস নেতারা একত্রে চিঠি লেখেন সভাপতি সনিয়া গান্ধীকে। এই চিঠিতে মূলত বিহার নির্বাচনে রাহুল ও প্রিয়াঙ্কার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কপিল সিব্বলও এদিন প্রকাশ্যেই সমালোচনা করেন দলের অর্ন্তদ্বন্দ্ব নিয়ে। এরপরেই আসরে নামেন খোদ সনিয়া। দলের হেভিওয়েটদের নাম জড়িয়ে ‌যাওয়ায় আরও গতি পায় এই খবর।

মঙ্গলবার এই বিষয়ে বিশেষ কমিটির বৈঠক হয়। তবে এই বৈঠকে দলের আভ্যন্তরীন মতবিরোধের কোনো সুরাহা হয়নি। এমনকি রাহুল-প্রিয়াঙ্কা প্রসঙ্গেও কোনো কথা হয়নি। পরিবর্তে বিহার বিপ‌র্যয় নিয়ে আলোচনা হয়। বিহারে এমত দূর্দশার কারণ কী, তা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ কমিটির ওপর। বিহার বিপ‌র্যয়ের সাম্ভাব্য কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে দ্রুত জানানো হবে দলের হাই কমান্ডকে। এরপর শেষ কথা বলবেন সনিয়া।

ইতিমধ্যেই দলের অন্দরে বিক্ষুব্ধ সদস্যরা নেতৃত্ব বদলের দাবি তুলেছেন। তাদের মধ্যে অঘোষিত নেতা গুলাম নবি আজাদ ও কপিল সিব্বলের সাথে বৈঠক করবেন বিশেষ কমিটির সদস্য একে অ্যান্টনি। তবে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলার জন্য ইতিমধ্যেই সলমন কুরশীদের রোষের মুখে পড়তে হয়েছে সিব্বলকে। সিব্বলকে ঠুকে ট্যুইট করেন কুরশীদ।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube