মুম্বইয়ে ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সাইদের ১০ বছরের জেল

নিউজটাইম ওয়েবডেস্ক : কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বইয়ে ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সাইদকে ১০ বছরের জেল দিয়েছে পাক আদালত। জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছিল। বৃহস্পতিবার সন্ত্রাস দমন আদালতের বিচারক আরশাদ হুসেন ভাট্টা ওই মামলায় হাফিজ সাইদকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের সাজাও শুনিয়েছেন।

দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিক মদতের পাশাপাশি অস্ত্র দিয়ে সাহায্যের অভিযোগ উঠেছে জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান ও লস্কর-ই-তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের বিরুদ্ধে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা চলেছিল তার মাস্টারমাইন্ড বা মূলচক্রী জামাত উদ দাওয়া প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে দাবি জানিয়ে আসছে ভারত সরকার। যদিও সেই দাবিতে কোনও কর্ণপাতই করেনি ইসলামাবাদ। উল্লেখ্য মুম্বই হামলায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক সহ ১৬৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভারতের দাবি মেনে হাফিজ সাইদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও এফএটিএ’র চাপের মুখে পড়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে বাধ্য হয় ইমরান খান সরকার। জেলে পোরা হয় জামাত উদ দাওয়া প্রধান সহ বেশ কয়েকজন জঙ্গি নেতাকে। এমনকী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই লাহোরের সন্ত্রাস দমন আদালত হাফিজ সাইদ ও তার তিন ঘনিষ্ঠ সঙ্গীকে ১১ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক সাহায্যের অভিযোগে এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার জন্যই জামাত উদ দাওয়া প্রধান ও তার তিন অনুগামীকে ওই সাজা দেওয়া হয়। যদিও একই সঙ্গে কারাদণ্ড ভোগ করার কারণে তাদের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করার কথা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube