রেলের মান্থলি টিকিটে মেয়াদ ছাড় পাবেন যাত্রীরা! আগামী সপ্তাহ থেকেই চালু

নিউজটাইম ওয়েবডেস্ক : বিক্ষোভ-অবরোধের ঝড় পেরিয়ে অবশেষে আগামী বুধবার থেকে চালু হতে চলেছে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা। মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখে রেল রাজি হয়েছে বুধবার থেকেই পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশনে ৪৫ শতাংশ ও দক্ষিন পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ৪২ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই সেই হিসাবে সময়সারণীও তৈরি হয়ে গিয়েছে। আগামিকালই তা সরকারি ভাবে সামনে আনবে রেল কর্তৃপক্ষ। তবে তার আগে শনিবার রেলের পক্ষ থেকে বড় ঘোষণা করে দেওয়া হল মান্থলি টিকিট নিয়ে। জানানো হয়েছে চলতি বছরে ২১শে মার্চ লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার দিন যার যা মান্থলি টিকিটে যে সময় বাকি ছিল তা আবারও তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। এর জন্য আগামী সোমবার থেকেই স্টেশনে স্টেশনে টিকিট কাউন্টার খুলে দেওয়া হবে যাতে যাত্রীরা মান্থলি টিকিট সংশোধন করে নিতে পারেন।
 
পূর্ব ও দক্ষিনপূর্ব রেলের নিত্যযাত্রীরা কেউ ১ মাসের কেউ বা ৩ মাসের আবার কেউ বা ৬ মাসের মান্থলি টিকিট কেটে রেখে দেন। তার জেরে নিত্যদিন তাঁদের টিকিট কাটার লাইনে দাঁড়াতে হয় না। কিন্তু দেখা যাচ্ছে গত ৮ মাস ধরে আমজনতার জন্য লোকাল ট্রেন বন্ধ থাকায় ওই সব কেটে রাখা মান্থলি টিকিটের মেয়াদও শেষ হয়ে গিয়েছে সকলের। রেল এখন টিকিটের টাকা ফেরত না দিয়ে যাত্রীদের মেয়াদ ফিরিয়ে দেওয়ার পথে হাঁটা দিল। মানে ২১শে মার্চ তারিখে যার কাছে যে মান্থলি টিকিট ছিল এবং তাতে যাত্রার জন্য যে দিনগুলি বাকি ছিল সেই দিনগুলি এবারে যাত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মানে ধরুন কোনও যাত্রী হয়তো ১ মাসের মান্থলি কেটেছিলেন যা ৩১ মার্চ পর্যন্ত বৈধ ছিল। যেহেতু ৩১ তারিখ থেকে তিনি আর লোকাল ট্রেনে যাতায়াত করতে পারেননি তাই দেখা যাচ্ছে তার ওই টিকিট দিয়ে ১০-১১দিন আরও যাতায়াত করতে পারবেন। সেই ১০-১১দিন এবার আগামী বুধবার থেকে ধরে নেওয়া হবে। ওই সময়টুকুর জন্য ওই টিকিট বৈধ থাকবে। তারপর কিন্তু নতুন মান্থলি টিকিট কাটতে হবে।
 
এরজন্য অবশ্য রেলের যে কাউন্টার থেকে ওই টিকিট কাটা হয়েছিল সেখানে গিয়েই প্রয়োজনীয় সংশোধন করতে হবে। যাত্রীরা যাতে ওই টিকিট সংশোধন করতে পারেন তার জন্য আগামী সোমবার থেকেই সব কাউন্টার খুলে দেওয়া হচ্ছে। তাতে প্রাথমিক ভাবে ভিড়ের সম্ভাবনা কিছুটা হলেও কাটবে। সোমবার সকাল ৮টা থেকেই পূর্ব ও দক্ষিন-পূর্ব রেলের সব স্টেশনের সব কাউন্টারেই এই সুবিধা পাওয়া যাবে। তবে সংশোধন না করা টিকিট বৈধ বলে গণ্য হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছে যে আগামী ১১ তারিখ মানে বুধবার থেকে মিলবে রোজকার টিকিটও। এর জন্য নতুন কোনও নিয়ম পালন করতে হবে না নিত্যযাত্রীদের। সেই সঙ্গে ওই দিন থেকেই নতুন মান্থলি টিকিটও কাটা যাবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube