নিউজটাইম ওয়েবডেস্ক : বহুল চর্চিত হাথরাস গণধর্ষণ মামলায় আদালতের নজরদারিতে বিজেপির ‘আজ্ঞাবহ দাসে’ পরিণত হওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত চলবে কিনা, তা নিয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানাতে চলেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি উত্তরপ্রদেশের বাইরে দিল্লিতে এই মামলা সরিয়ে আনা হবে কিনা, সে বিষয়েও সুপ্রিম সিদ্ধান্ত জানা যাবে।
হাথরাসে দলিত যুবতীকে গণধর্ষণের ঘটনা নিয়ে গোটা দেশ জুড়েই প্রতিবাদের ঝড় উঠেছিল। প্রথম থেকেই যেভাবে মামলাকে ধামাচাপা দিতে যেভাবে আসরে নেমেছে যোগী প্রশাসন, তাতে নির্যাতিতার পরিবার সুবিচার পাবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মামলার অভিমুখ ঘোরাতে ইতিমধ্যেই যোগী প্রশাসনের সুপারিশ মেনে তড়িঘড়ি তদন্তের ভার হাতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু মোদি সরকারের আমলে বিশ্বাসযোগ্যতা তলানিতে যাওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কতটা নিরপেক্ষভাবে তদন্ত করবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সিবিআইয়ের তদন্তে অনাস্থা জানিয়েছে খোদ নির্যাতিতার পরিবার। নিরপেক্ষ তদন্তের স্বার্থে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রাক্তন কোনও বিচারপতির নজরদারির দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক আইনজীবী ও সমাজকর্মী। প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চে গত ১৫ অক্টোবর মামলার শুনানিতে সমাজকর্মীদের পক্ষ থেকে সুবিচারের জন্য মামলা উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লি বা অন্য কোনও জায়গায় স্থানান্তরের আর্জিও জানানো হয়। ওই দিন মামলার শুনানিতে অবশ্য দুই আর্জির পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতিরা কোনও আদেশ দেননি। তবে হাথরাসের ঘটনাকে বিরল ও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছিলেন। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারের বাকি সদস্যদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছিলেন। তাই আজ ‘হাই-প্রোফাইল’ মামলার শুনানিতে শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে গোটা দেশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

