কয়লা খনি কেলেঙ্কারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৩ বছরের জেল

নিউজটাইম ওয়েবডেস্ক : কয়লা খনি বন্টন দুর্নীতিতে জড়িত থাকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে ৩ বছরের কারাদণ্ডের সাজা শোনাল দিল্লির বিশেষ সিবিআই আদালত। তাঁর সঙ্গে দোষীসাব্যস্ত আরও দুইজনকে একই সাজা দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক ভরত পরাশর। উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় কয়লা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন দিলীপ রায়।

 ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডির ব্রহ্মাডিহা খনির দায়িত্ব বেসরকারি সংস্থা ক্যাস্ট্রন টেকনোলজিস লিমিটেডের হাতে তুলে দেয় কয়লা মন্ত্রক। অভিযোগ ওঠে বেসরকারি সংস্থাকে ওই কয়লা খনি বন্টন করতে গিয়ে সরকারি নিয়ম ভেঙেছেন কয়লা দফতরের প্রতিমন্ত্রী দিলীপ রায় ও মন্ত্রকের দুই পদস্থ আধিকারিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম। ক্যাস্ট্রন টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর মহেন্দ্র আগরওয়ালের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েই ওই কয়লা খনি বন্টন করা হয়েছে। কয়লা খনি বন্টন কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসার পরেই তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

বিশেষ  আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী আধিকারিক জানান, কয়লা উত্তোলনের কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্বেও ক্যাস্ট্রন টেকনোলজিস লিমিটেডকে ব্রহ্মাডিহা কয়লা খনির বরাত আইয়ে দেওয়া হয়েছিল। এমনকী এ বিষথে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) শীর্ষ আধিকারিকদের মতামতও উপেক্ষা করা হয়েছিল। ইসিএলের আধিকারিকরা কয়লা মন্ত্রককে বিশেষ নোটে জানিয়েছিলেন, ওই কয়লা খনি বিপজ্জনক অবস্থায় রয়েছে। খনি থেকে কয়লা তুললে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ইসিএলের আধিকারিকদের সেই কথায় কোনও কর্ণপাত করেননি বাজপেয়ী সরকারের কয়লা প্রতিমন্ত্রী দিলীপ রায়, কয়লা মন্ত্রকের দুই আধিকারিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগও আনে সিবিআই।

বিচারক ভরত পরাশরের আদালতে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার আর্জি জানিয়েছিলেন সিবিআইয়ের কৌঁসুলি। যদিও এদিন ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪০৯ নম্বর ধারায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ তিন দোষীকে তিন বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক।
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube