নিউজটাইম ওয়েবডেস্ক : পুজোর মুখে ফের বাড়ল মেট্রোর সময়সীমা। কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১৯ অক্টোবর থেকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি, গোটা দিনে ট্রেনের সংখ্যা বেড়ে হবে ১৫২। গত মাসের ১৪ তারিখ থেকে এই পরিষেবা চালু হয়েছিল। এক মাসের মধ্যেই একাধিকবার এই পরিষেবার সময়সীমা বৃদ্ধি করা হল।
বুধবার কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়, আগামী সোমবার থেকে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। দুই প্রান্তে তা রাত দশটায় এসে পৌঁছোবে। ফলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। কারণ, সামনেই পুজো। আগামী সপ্তাহের শুরু থেকেই দেখা যাবে পুজোর ভিড়। সেই ভিড় সামলাতে আপাতত রাত ১০টা পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত। যদিও অন্যবার পুজোর তিন দিন সারা রাতও মেট্রো পরিষেবা পাওয়া যায়। কিন্তু এবার সেটা যে পাওয়া যাবে না, সেটা স্পষ্ট। তবুও মানুষের সুবিধার জন্য মেট্রোর সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে শেষ মেট্রো রাত সাড়ে আটটায় ছাড়ছে। সেই সময় আরও ৩০ মিনিট বাড়ানো হল, অর্থাৎ ৩টি করে মোট ৬টি মেট্রো বেশি চলবে। পাশাপাশি, নিত্যযাত্রী ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে দিনের ব্যস্ত সময়ে আট মিনিট অন্তর মেট্রো চলবে। এই পরিষেবাও সোমবার থেকে পাওয়া যাবে। পুজোর কথা মাথায় রেখে আপাতত সোমবার থেকে শনিবার পর্যন্ত এই বাড়তি পরিষেবা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু রবিবার এখনও পর্যন্ত যে রকম পরিষেবা আছে, তেমনি পরিষেবাই থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কোনও মেট্রো বাড়ছে বা কমছে না। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপাতত এই পরিষেবাই চলবে। কিন্তু পুজোর সময় অত্যন্ত প্রয়োজন পড়লে ট্রেনের সংখ্যা আরও কিছুটা বাড়ানো যেতে পারে। কিন্তু তা সবটাই হবে অবস্থা বুঝে। তবে সোমবার থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো চলবে, সেটা নিশ্চিত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

