নিউজটাইম ওয়েবডেস্ক : অবস্থার অবনতি ঘটলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর আবার জ্বর এসেছে এবং একই সঙ্গে শরীরে ইনফেকশান ধরা পড়েছে। পাশাপাশি কোভিডের নানা উপসর্গও তাঁর শরীরে দেখা দিতে শুরু করেছে। তাই এখন করোনা আক্রান্ত এই বর্ষীয়াণ অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে রাজ্যের সব মহলেই। উদ্বেগে রয়েছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের চিকিৎস্যদের মধ্যেও। উদ্বেগে রয়েছে তাঁর পরিবারও।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনার প্রভাব ক্রমশই বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে। চিকিৎসার পরিভাষায় এই অবস্থাকে ‘একিউট কনফিউশনাল স্টেট’ বলা হয়। কোভিড রিলেটেড এনসেফেলোপ্যাথি এবং মেটাবলিক এনসেফেলোপ্যাথি তাঁর সমস্যা বাড়াচ্ছে। তাঁর ইউরিনাল ট্র্যাকে ইনফেকশন ধরা পড়েছে। মডারেট কোভিড লাং ইনফেকশনও ধরা পড়েছে বর্ষীয়াণ এই অভিনেতার। পিএসএ রেটও বেড়েছে তাঁর। তবে অভিনেতার শারীরিক অবস্থা যাতে হাতের বাইরে না যায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। আগাম ট্রিটমেন্টের পরিকল্পনাও তৈরি করে ফেলেছেম তাঁরা। মেডিকেল টিমে থাকা স্নায়ু বিশেষজ্ঞেরা মরিয়া হয়ে এখন খুঁজছেন, এনসেফেলোপ্যাথির সঠিক উৎস কী। সেটা জানলে অতি দ্রুত মস্তিষ্কের প্রদাহের বা অস্থিরতার চিকিৎসা শুরু করা যাবে। তাহলে ধীরে ধীরে যে উদ্বেগজনক শারীরিক পরিস্থিতি তৈরী হচ্ছে তা সামলানো যাবে।
এর পাশাপাশি অভিনেতার শরীরে যে একাধিক সংক্রমণ শুরু হয়েছে তা ঠেকাতে বাইরে থেকে ওষুধ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ এবং হার্ট রেট কমানোর জন্য ইনভেসিভ এয়ার ওয়ে প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে জ্বর আসছে আবার নতুন করে আর তা ১০১ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। সেই সঙ্গে ধরা পড়েছে ইকোলাই ইনফেকশন। শারীরিক অস্থিরতাও রয়েছে। মাঝে মধ্যে উত্তেজনায় অনিয়ন্ত্রিত ভাবে হাত-পা ছুড়ছেন। লিভারে সামান্য সমস্যা দেখা যাচ্ছে। রবিবার অভিনেতার দ্বিতীয়বার প্লাজমা থেরাপি হয়েছে বলেও জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বর্ষীয়াণ এই অভিনেতাকে ঘিরে এখন উদ্বেগ ছড়াচ্ছে সর্বত্র।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

