নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ময়দান, বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

নিউজটাইম ওয়েবডেস্ক : সাঁতরাগাছি, হেস্টিংসের পরে বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ময়দান। আন্দোলনে বাধা পেয়েই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি বোমা ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। গেরুয়া গুণ্ডাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আত্মরক্ষায় কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। ফলে কিছুটা হলেও ছত্রভঙ্গ হয়ে পড়ে বিজেপি কর্মীরা। এ সময়ে মল্লিকফটকের কাছে বিজেপির এক কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রাজনৈতিক আন্দোলনে কেন পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হল কিংবা আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মী এসেছিলেন তার কোনও সদুত্তর দিতে পারেননি বিজেপি যুব মোর্চার সভাপতি তথা রাজনৈতিক ডিগবাজিতে পারদর্শী সৌমিত্র খান।

নবান্ন অভিযানের জন্য এদিন হাওড়া ময়দানে জড়ো হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। নবান্ন অভিমুখী মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য সভাপতি সৌমিত্র খান, কোচবিহারের সাংসদ নীশীথ প্রামানিক। মিছিল শুরুর আগেই উস্কানিমূলক ভাষণ দেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি। সেই উস্কানির পরেই আন্দোলনকারীরা মল্লিকফটকের কাছে পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। বিজেপি কর্মীদের প্রতিরোধের জন্য আগেভাগেই জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশ কর্মীরা।

প্রথম ব্যারিকেড ভাঙার পরেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন আন্দোলনকারীরা। বোমাবাজিও করা হয়। রণংদেহী গেরুয়া গুণ্ডাদের ছত্রভঙ্গ করতে প্রথমে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। যদিও তাতে না দমে ফের পুলিশকে আক্রমণ শুরু করে গেরুয়া গুণ্ডারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। গেরুয়া গুণ্ডাদের প্রতিহত করতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অনেক রাজনৈতিক আন্দোলনের সাক্ষী থাকা মল্লিকফটক, সন্ধ্যাবাজারের স্থানীয় বাসিন্দারা গেরুয়া গুণ্ডামিতে আতঙ্কিত হয়ে পড়েন। বিজেপি কর্মীরা প্রাথমিকভাবে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়লেও হাওড়া ময়দান থেকে লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চালাতে থাকে। জিটি রোডে একের পর এক টায়ার জ্বালিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে থাকেন। 
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube