নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্যরাতে একতরফাভাবে হাথরাসের নির্যাতিতার শেষকৃত্য করার কারণ এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, সেই সময় পরিস্থিতি যা হয়েছিল, তাতে মধ্যরাতে শেষকৃত্য না করলে এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিরাট সমস্যা হতে পারত। তা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে বাবরি মসজিদের রায়কেও এই ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, পরের দিনই ছিল বাবরি মসজিদ সংক্রান্ত মামলার রায়। ফলে স্বাভাবিকভাবেই সমগ্র রাজ্য অত্যন্ত সংবেদনশীল ও সতর্ক ছিল। সেই পরিস্থিতিতে দিনের বেলা শেষকৃত্য সম্পন্ন করলে আইন-শৃঙ্খলাজনিত সমস্যা হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। সেই কারণেই রাত আড়াইটের সময় এই কাজটি করা হয়েছে। একইসঙ্গে হলফনামায় বলা হয়েছে, মৃতার পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং তাঁদের সায় নিয়েই সবরকম রীতি মেনেই এই শেষকৃত্য করা হয়। এই নিয়ে কোনও প্রশ্নই নেই। বরং গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, এই মৃত্যু নিয়ে সফদরজং হাসপাতাল ও হাথরাসে সংবাদমাধ্যম, রাজনৈতিক দলের পাশাপাশি জাতিগত একটা রঙ লাগানো হয়েছিল। ফলে পরিকল্পনা করেই পরদিন সকালে বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা ছিল। কিন্তু বাবরি মসজিদের রায়, করোনা আবহ এসব কথা মাথায় রেখেই ওই রাতেই বাড়ির লোককে জানিয়ে সব রীতি মেনেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। তারপর সেই মতো কাজ করা হয়েছে। এখানে কোনওরকম আইন ভঙ্গ করা হয়নি। বরং সমগ্র বিষয়টি নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই হলফনামায় বলা হয়েছে। এই হলফনামা প্রকাশ্যে আসার পর সবমহলেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। পাশাপাশি, এই ঘটনা নিয়ে মোট ১৯টি এফআইআর করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে হাথরাস যাওয়ার পথে কেরলের এক সাংবাদিক-সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করে যোগীর পুলিশ। জানা গিয়েছে, এরা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য। এই সংগঠনকে যোগী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, আতিউর রহমান, সিদ্দিক কপ্পান, মাসুদ আহমেদ ও আলম নামে এই চারজন দিল্লি থেকে হাথরাসে যাচ্ছিল। এই সময় তাদের রাস্তায় থামানো হয়। পুলিশের পক্ষ থেকে এদের কাছ থেকে মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। যা রাজ্যের শান্তি এবং আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য যথেষ্ট। সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

