নিউজটাইম ওয়েবডেস্ক : নির্মীয়মাণ ইস্ট–ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য তিনদিনের জন্য শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এই মর্মে কলকাতা পুলিশের তরফে জনস্বার্থে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষা কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতার নগরপাল অনুজ শর্মার তরফ থেকে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ অক্টোবর, শুক্রবার সকাল ৬টা থেকে ৫ অক্টোবর, সোমবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ উড়ালপুলের একটি অংশ পুরোপুরি বন্ধ থাকবে। অর্থাৎ ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল। বেলিয়াঘাটা রোডের ক্রসিং থেকে এমজি রোডের ক্রসিং পর্যন্ত এলাকায় কাজ চলার জেরে শিয়ালদহ উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপিসি রোড, এমজি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, এন সি স্ট্রিট এবং রফি আহমেজ কিদওয়াই রোডে সমস্ত ট্রাম চলাচল এই তিনদিন বন্ধ থাকবে। ৫ অক্টোবর সকাল ৬টার পর তা ফের স্বাভাবিক হতে পারে। দক্ষিণ দিক থেকে এজেসি বোস রোড ধরে শিয়ালদহ স্টেশনে আসা গাড়িগুলি একই রুট ধরেই শিয়ালদহ স্টেশনের দিকে আসতে পারবে। ওদিকে, উত্তর দিক থেকে এপিসি রোড ধরে শিয়ালদহ স্টেশনমুখী গাড়িগুলিকে রাজাবাজার ক্রসিং দিয়ে ঘুরিয়ে নারকেলডাঙা মেইন রোড ধরে ফুলবাগান ক্রসি — আরএল মিত্র রোড — বেলিয়াঘাটা মেইন রোড হয়ে শিয়ালদহ স্টেশনে চত্বরে আসতে হবে। আরটি–১২, ১২/১, ২১, ২১/১, এস–১৭৮, কে৬, ২০৪/১— উত্তরমুখী এই বাস ও মিনিবাসগুলিকে এই তিনদিন এনআরএস হাসপাতালের কাছে এপিসি রোডেই থামতে হবে। আরটি–২৮ বা ওই ধরনের অন্য পূর্বমুখী বাস ও মিনিবাস যেগুলি এমজি রোড ধরে বেলিয়াঘাটা রোডের বরফকলে যায়, তাদের এপিসি রোডে রাজাবাজার ট্রাম ডিপোতেই থেমে যেতে হবে। অন্য পূর্বমুখী বাস, মিনিবাস যেগুলি বেলিয়াঘাটা হয়ে আরও পূর্বে যায়, সেগুলিকে এপিসি রোড হয়ে নারকেলডাঙা মেইন রোডে ঘুরিয়ে দেওয়া হবে। ফেরার পথে ওই একই রুট ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওই তিনদিন আমহার্স্ট স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, এন সি স্ট্রিট, এস এন ব্যানার্জি স্ট্রিট, ক্রিক রো, এম জি রোডে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা থাকবে না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

