করোনা আক্রান্তে চিনকেও ছাপিয়ে গেল ভারত

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত। কেন্দ্রীয় সরকারের খাতায় শুক্রবার রাতে আক্রান্তের সংখ্যা ৮১,৯৭০ হলেও বিভিন্ন রাজ্য সরকারে বুলেটিন যোগ করে দেখা যাচ্ছে, ভারতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৮৫ হাজারের বেশি। সরকারি ভাবে চিনে ৮২,৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যদিও সেই তথ্যের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত চিনের উহান থেকেই সারা বিশ্বে ছড়ায় করোনাভাইরাস।  উহানে এখনও কিছু কেস থাকলেও এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা একশোর কম। বিশ্বব্যাপী করোনায় মারা গিয়েছেন ৩ লাখ ব্যক্তি। আক্রান্ত ৪৫ লক্ষ। চিনে সরকারি তথ্য অনুযায়ী করোনায় মৃত ৪৬৩৩। ভারতে ইতিমধ্যেই করোনা মৃত ২৬৪৯ এবং কার্ভ চ্যাপ্টা হওয়ার কোনও সম্ভাবনা এখনও দেখা যায়নি।

সারা বিশ্বে আক্রান্তের তালিকায় এই মুহূর্তে ১১তম স্থানে ভারত।  আপাতত ভারতে ১৪টি রাজ্যে আক্রান্ত হাজারের বেশি। দুটি রাজ্যে করোনা রোগী দশ হাজারের অধিক ও চারটি রাজ্যে পাঁচ হাজারের বেশি। মহারাষ্ট্রে মৃত হাজারের ওপর, আক্রান্ত ৩০,০০০ ছুঁইছুঁই। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আক্রান্ত ১০,১০৮, মৃত ৭১। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে গুজরাত। সেখানে মৃত ৬০৬, আক্রান্ত ৯৯৩২।  পশ্চিমবঙ্গ করোনা রোগীর সংখ্যায় অষ্টম স্থানে হলেও মৃতের সংখ্যায় চতুর্থ স্থানে। রাজ্যে আক্রান্ত ২৪৬১, মৃত ২২৫। 

করোনা রোগীর দ্বিগুণ হওয়ার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও প্রতিদিনই প্রায় চার হাজার করে নয়া কেস আসছে, যা যথেষ্ট চিন্তার। ১৮ মে থেকে চতুর্থ লকডাউন শুরু হচ্ছে যেখানে অনেক বেশি ছাড় দেওয়া হবে। তারপরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ে কিনা, এখন সেটাই দেখার। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube