জেলা স্তরে রুখতে হবে করোনা সংক্রমণ, মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : দিন দিন দেশে করোনা পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে। প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকের পরেই রাজ্যের জেলা গুলিতে সংক্রমণ রুখতে রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার বার্তা দেবেন মমতা।

সোমবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস থেকে গ্রামগুলিকে সুরক্ষিত রাখার আবেদন জানান। তিনি বলেন, করোনার মতো মারণ ভাইরাস যেন গ্রামগুলিতে কোন ভাবেই ছড়েয়ে না পড়ে আমাদের সেদিকটি এখন নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর এই আবেদনের পরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করার উদ্দেশ্য়ে বৈঠক করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একইসাথে এদিন ভ্যাকসিন প্ল্যান নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মূলত কলকাতার বাইরে যেসমস্ত জেলাগুলিতে করোনার প্রভাব সেভাবে নেই সেগুলিকে এখন সুরক্ষিত রাখাই রাজ্যের প্রধান উদ্দেশ্য। এই পরিস্থিতিতে যাতে নতুন করে কোন সংক্রমণ না ছড়াতে পারে সেবিষয়েই এদিন জেলাগুলিকে সতর্ক করবেন মমতা।

লকডাউন শুরু হওয়ার পরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে একবার বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘কেউ যেন এ রাজ্যে অনাহারে না থাকে। কোনও কার্পণ্য করবেন না, রেশন কার্ড না থাকলেও খাবার দেবেন সবাইকে। মানুষ বাঁচলে, পয়সা আসবে।’ এবার ফের মঙ্গলবার জেলাগুলিতে করোনা সংক্রমণ রুখতে বৈঠকে বসার সিদ্ধান্ত জানালেন মমতা বন্দোপাধ্যায়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube