নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয় দফায় লকডাউনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। এরই মধ্যে এবার ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১২ মে থেকে শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। রবিবার ভারতীয় রেলের তরফে এক বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। আগামী সোমবার থেকেই অনলাইনে টিকিটও কাটতে পারবেন যাত্রীরা।
গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল প্রথম দফার লকডাউন। গত ৫০ দিন লকডাউনের জেরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। ভিন রাজ্যে আটকে পড়া বহু মানুষ অপেক্ষা করে ছিলেন এই পরিষেবা চালুর জন্য। অবশেষে তাঁদের মুখে হাসি ফুটিয়ে যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। জানা গিয়েছে, আগামী ১২ মে থেকেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। তবে প্রথমে ১৫টি ট্রেন দিয়ে এই পরিষেবা শুরু করা হবে। সফরের সংখ্যা হবে মোট ৩০ টি। তবে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানানো হয়েছে। সোমবার ৪টে থেকে শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট (www.irctc.co.in) থেকেই টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার বন্ধ রাখা হবে। লকডাউনের মধ্যে ট্রেন পরিষেবা চালু করা হলেও সামাজিক দূরত্ব এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে অনুসরণ করা হয়, তা নিশ্চিত করতে রেলের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় যে ১৫ টি ট্রেন চলবে সেগুলিতে জেনারেল বগি থাকবেনা। যাত্রীবাহী ট্রেনের সমস্ত সিট বুক করা যাবেনা। যাদের কাছে বৈধ টিকিট থাকবে শুধুমাত্র তাঁদেরকেই রেলস্টেশগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথম দিন নিউদিল্লি স্টেশন থেকে ছাড়বে ট্রেন। ১৫ টি ট্রেন শহরের সংযোগকারী স্টেশনের উদ্দেশে রওনা দেবে। যার মধ্য়ে রয়েছে হাওড়া সহ ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভূবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও (গোয়া), মুম্বই সেন্ট্রাল, আহমদাবাদ এবং জম্মু তাওয়াই। প্রসঙ্গত, গত ৪ মে থেকে তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করে কেন্দ্র। আগামী ১৭ মে শেষ হচ্ছে সেই লকডাউনের মেয়াদ। লকডাউন ঘোষণার সময়ই কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী ১৭ তারিখ পর্যন্ত লোকাল সহ দূরপাল্লার সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১২ তারিখ থেকে ট্রেন পরিষেবা সচল করার কথা জানাল রেল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

