সম্পূর্ণ কোভিড হাসপাতাল হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। ইতিমধ্য়েই এই মারণ ভাইরাসের বলি হয়েছে ৭০ জনের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। আগেই কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত তা কর্যকর হয়নি। তবে রাজ্যে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে এবার কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতাল হিসাবে কাজ করবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসাথে এখানে ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস’ (সারি) রোগীদেরও চিকিৎসা হবে বলে জানানো হয়েছে। 

কোভিড রোগীদের চিকিৎসার জন্য তাঁরা সামগ্রিক ভাবে প্রস্তুত বলে এদিন জানিয়ে দিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস। এদিন তিনি আরও বলেন, “স্বাস্থ্যদপ্তর থেকে নির্দেশ এলেই হাসপাতালে কোভিড রোগী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।” 

সুত্রের খবর, এখনকার মতো কোভিড রোগী ভর্তির জন্য স্পেশ্যালিটি বিল্ডিংয়ের ২০০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যারা কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আসবেন তাঁদের প্রথমে গ্রিন বিল্ডিংয়ের দোতলায় রাখা হবে। এরপর করোনা টেস্টের পর যাদের রিপোর্ট পজেটিভ হবে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ে। তবে যদি কেউ ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস’ (সারি) রোগী হন সেক্ষেত্রে তাঁদের রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের রেখে দেওয়া হবে। 

এদিন করোনা টেস্ট প্রসঙ্গে ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, “আপাতত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই হবে পরীক্ষা নিরীক্ষা। খুব শীঘ্রই এই হাসপাতালে সিভিন্যাট পরীক্ষা শুরু হবে। একজন ব্যক্তি করোনা আক্রান্ত কি না, এই পরীক্ষার মাধ্যমে তা দুঘণ্টাতেই বোঝা সম্ভব। পিসিআর টেস্ট যদিও হবে ট্রপিক্যাল মেডিসিনেই।”

বেলেঘাটা আইডি এবং এম আর বাঙ্গুর সহ রাজ্যে আগে সরকারি ও বেসরকারি করোনা হাসপাতালের সংখ্যা ৬৭ ছিল। এবার সেই তালিকায় কলকাতা মেডিক্যাল কলেজ যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৮।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube