আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৭২ ঘন্টা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আজ অর্থাৎ সোমবার ও আগামিকাল, মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপের অবস্থান। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ এলাকা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।শক্তিবৃদ্ধি করলেও নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে। ৭ মে পর্যন্ত এই নিম্নচাপ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে।এই নিম্নচাপের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

কলকাতায় আগামী ৭২ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সোমবার সারাদিন আংশিক মেঘলা আকাশ ৷ বিকেলের দিকে মেঘের সঞ্চার হবে। দু-এক পশলা সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সকাল থেকেই।

কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল, রবিবার বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে, ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৪ মিলিমিটার।

বাংলাদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যে জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ, সোমবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দুই-এক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube