করোনা যুদ্ধে জয়ী একরত্তি, ১৫ দিনের লড়াই শেষে বাড়ি ফিরল ১৯ দিনের শিশু

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত কয়েক মাস থেকে গৃহবন্দি হয়ে আতঙ্কেই দিন কাটছে দেশবাসীর। করোনার থাবায় ইতিমধ্য়েই প্রাণ হারিয়েছে রাজস্থানের জয়পুরের ২০ দিনের এক শিশু। তবে এই মারণ ভাইরাসকে জব্দ করে পুনর্জন্ম হয়েছে ১০৭ বছরের বৃদ্ধার। এবার সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকল ভোপাল। মাত্র ১৯ দিনের এক শিশুকন্যা করোনার সাথে জীবনযুদ্ধ চালিয়ে অবশেষে জয়ী হয়ে ফিরল মায়ের কোলে। এই খবর প্রকাশ্যে আসার পরেই করোনার বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন সাধারণ মানুষ। 

এবিষয়ে শিশুটির বাবা জানিয়েছেন, ৭ এপ্রিল ভোপালের সুলতানিয়া জানানা হাসপাতালে ওই শিশুকন্যার জন্ম দেন তাঁর স্ত্রী। সুস্থ অবস্থায় সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়িতেও ফেরেন তাঁরা। কিন্তু দিনকয়েকের মধ্যে জানা যায়, ওই হাসপাতের এক নার্সের শরীরে করোনার হদিশ মিলেছে। এবং তিনি ওই শিশুটির জন্মের সময় কর্তব্যরত ছিলেন। তড়িঘড়ি শিশুটি সহ বাড়ির সকলের করোনা পরীক্ষা করানো হয়। গত ১৯ এপ্রিল পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসতেই জানা যায় ওই সদ্যজাত শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের শরীরে করোনার কোন জীবানু মেলেনি। 

তখন থেকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই শিশু ও তার মাকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। দীর্ঘ ১৫ দিনের লড়াইয়ের পর অবশেষে জীবনযুদ্ধে জয়ী হয় ওই একরত্তি। জানা গিয়েছে, শুক্রবার হাসপাতাল থেকে মা সহ ওই শিশুকন্যাটিকে ছেড়ে দেওয়া হয়েছে। মেয়েকে নতুন করে জীবন দান করায় এদিন চিকিৎসকদের ধন্যবাদ জানান করোনাজয়ী ওই সদ্যজাতর বাবা। তিনি এদিন বলেন, ‘আমার মেয়ে সুস্থ হয়ে গতকাল রাতে বাড়ি ফিরেছে। ভগবানের আর্শীবাদ ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমেই সুস্থ হয়েছে আমার মেয়ে। এই মহামারির বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছে তাই আমরা ওর নাম রেখেছি প্রকৃতি।’

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube