লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তেলেঙ্গানা থেকে রওনা দিল বিশেষ ট্রেন

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লাগাতার চলছে লকডাউন। তখন থেকেই যাঁরা যেখানে ছিলেন সেখানেই আটকে পড়েছিলেন। আর তার জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। তবে অবশেষে তাঁদের স্বস্তি দিয়ে ঘরে ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকারের। বেশ কিছু জায়গা নির্দিষ্ট করে শুক্রবার ভোরে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে ১২০০ পরিযায়ী শ্রমিককে নিয়ে এবার রওনা হল ট্রেন।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেল সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার বলেন, তেলেঙ্গানা থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে যে ট্রেনটি রওনা দিয়েছে সেটিতে মোট ২৪ টি কোচ রয়েছে। তবে এটি ছাড়াও দেশে আরও ট্রেন চালানো হবে কি না আজই সেবিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। জানা গিয়েছে ওই বিশেষ ট্রেনটি আজ ভোর ৪টে ৫০ নাগাদ তেলেঙ্গানার লিঙ্গমপল্লি থেকে রওনা দেয়। শুক্রবার রাতেই এই ট্রেনটি ঝাড়খণ্ডের হাটিয়া স্টেশনে পৌঁছে যাবে। 

দীর্ঘদিন ধরেন কর্মহারা হয়ে ভিন রাজ্যে দিন গুজরাণ করছেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের নিজেদের ঘরে পঠাতে তৎপরতা দেখা যায় রাজ্যগুলির। এমনকি একাধিক রাজ্য এবিষয়ে কেন্দ্রকে চাপও দিতে শুরু করে। একইসাথে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের দাবিও জানায় রাজস্থান, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ড সহ আরও বেশ কিছু রাজ্য। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক-পর্যটক এবং পড়ুয়াদের ফেরাতে আন্তঃরাজ্য বিশেষ পরিবহণ ব্যবস্থা চালু করার জন্য বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

তবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে ইতিমধ্যে তাঁদের সকলের কোভিড টেস্ট করা হয়েছে। যাদের নেগেটিভ রেজাল্ট মিলেছে তাঁদেরই শুধুমাত্র ঘরে ফেরার অনুমতি মিলেছে। কিন্তু এখানেই শেষ নয় সকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের সকলকেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কারও শরীরে করোনার কোন উপসর্গ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তড়িঘড়ি তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে হবে। 

 

 
 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube