করোনা আবহে রাজনীতি না করার বার্তা মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে রাজ্যের পরিস্থিতি সংকটজনক। এই অবস্থাতেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার রাজনীতি করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। সম্প্রতি এই একই অভিযোগ শোনা গিয়েছে রাজ্যপালের কন্ঠেও। এবার সেই সমস্ত অভিযোগের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, যতদিন না করোনা বিদায় নিচ্ছে, ততদিন পর্যন্ত কোন রাজনীতি করবনা। 

মোদী সরকারের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই বাংলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমে রাজ্যে তাঁদের আগমনের বিরোধীতা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, রাজ্যের সাথে কোনরকম আলোচনা না করেই ওই প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা দিচ্ছে বলেও পাল্টা রাজ্যকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। এমনকি চিকিৎসা পরিকাঠামো, কিটের ঘটতি প্রসঙ্গেও রাজ্যের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে বিরোধীদের। মমতা সরকারের বিরুদ্ধে উঠেছে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগও। 

বুধবার সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনও রাজ্যে চিকিৎসার জন্য ৭৯০টি বেড ফাঁকা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতার জন্য ১৪ টি ল্যাবে কাজ চলছে। বাড়ানো হচ্ছে লোকবলও। এরপরেই কেন্দ্রে করা সমালোচনার পাল্টা জবাব দিতে গিয়ে মমতা বলেন, “একদিন একটা হাসপাতালে ১০ জন মারা যেতে পারে। আবার একটা হাসপাতালে একদিন একজনও না মারা যেতে পারে।” এখানেই শেষ না করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখনই তো স্বচ্ছ ভারত করার সময়। কাল কোনও নির্বাচন নেই যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে। নির্বাচন এলেই মানুষ আপনাদের উত্তর দেবে।” এরপরেই স্পষ্ট ভাষায় তিনি জানান, করোনা যতদিন না বিদায় নেবে, ততদিন কোনরকম রাজনীতি করবনা। একইসাথে বিরোধীদেরও রাজনীতি না করার জন্য অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube