আর ও ৩ জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখল কেন্দ্রীয় দল

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার আর ও ৩ জেলায়, কলকাতা, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ির করোনা পরিস্থিতি খতিয়ে দেখল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। রাজ্যের ওই ৩ জেলায় যাতে লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা হয় সেই বিষয়ে কড়া নজর রাখার ব্যাপারে পুলিশ প্রশাসনকেও পরামর্শ দেয় এই দল। প্রবীণ আমলা অপূর্ব চন্দ্রের নেতৃত্বে একটি দল উত্তর চব্বিশ পরগনার বিরাটি পরিদর্শন করে। এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেন,দলটি বিরাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং ওই অঞ্চলে যাতে ঠিকভাবে লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হয় সেদিকে নজর রাখার বিষয়েও পুলিশকে বলেন তাঁরা। এমনকী ওই এলাকায় কোথায় কোথায় বিধিনিষেধ লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে সে বিষয়েও বিস্তারিত জানতে চান তাঁরা। 

পাশাপাশি বারাসত এবং কলকাতার কিছু অংশও পরিদর্শন করেন তাঁরা। বারাসাতে, কেন্দ্রীয় দলের সদস্যরা একটি হাসপাতালে গিয়ে এই পরিস্থিতিতে সেখানকার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ওই বিষয়ে নানা কথাবার্তাও বলেন তাঁরা।

এরপর, কেন্দ্রীয় দলটি রাজ্যের অন্যতম রেড জোন হিসাবে পরিচিত বেলাঘাটা এলাকা পরিদর্শনে যায়। কেন্দ্রীয় দলের সদস্যরা সেখানকার আইডি হাসপাতালের আশেপাশের অঞ্চলগুলিরও ছবি তোলেন। করোনা ভাইরাসের চিকিৎসায় নিযুক্ত রাজ্যের ১৯ টি হাসপাতালের মধ্যে অন্যতম হল বেলেঘাটা আইডি হাসপাতাল।

তবে লক্ষণীয় বিষয়, কেন্দ্রীয় দলগুলির সঙ্গে কোনও পুলিশের গাড়ি ছিল না। এর আগেও অপূর্ব চন্দ্র গত সপ্তাহে তাঁদের যথাযথভাবে সহযোগিতা না করার অভিযোগ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে তাঁদের সুরক্ষা দেওয়ার জন্যে সবসময় উপস্থিত ছিলেন বি এস এফ জওয়ানরা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube