রাজ্যের পরিস্থিতি হাতের বাইরে তাই দায় এড়াচ্ছে সরকার, বিস্ফোরক দিলীপ ঘোষ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। সবকিছু হাতের বাইরে চলে যাওয়ায় এখন নিজের দায় এড়াতে শুরু করেছে মমতা সরকার। একইসাথে করোনায় আক্রান্ত ও মৃতের বিষয়ে তথ্য গোপন এবং রেশন দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তিনি। 

করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকারের বিরুদ্ধে শুধুমাত্র রাজনীতি করার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যের ৯ কোটি ৪০ লক্ষ মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা। কিন্তু তার মধ্যে অর্ধেক মানুষও ঠিকঠাক রেশন পাচ্ছেন না। মাথাপিছু বিনামূল্যের চাল-গম দেওয়ার পরিবর্তে রেশন ডিলাররা পরিবারপিছু তা দিচ্ছেন। তাই অনেক মানুষই রেশন থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। কুপন দেখালেও রেশন পাচ্ছেন না মানুষ। কিন্তপ তার জবাব কে দেবে?’ এখানেই শেষ না করে এদিনের সাংবাদিক বৈঠকে দলীয় সাংসদ সুকান্ত মজুমদারকে পুলিশের আটক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  ‘একজন নির্বাচিত সাংসদ। তিনি ২৩ মার্চ লকডাউনের আগে বাংলায় চলে এসেছেন। একমাস ঘরেও থেকেছেন। এখন তাঁকে বাইরে বেরোলে আটকে দেওয়া হচ্ছে। ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। অথচ শাসকদলের নেতা-মন্ত্রীরা সব জায়গায় যাচ্ছেন, ত্রাণ বণ্টন করছেন। মন্ত্রী সুজিত বোসকে সবসময় দেখা যাচ্ছে ত্রাণ দিচ্ছেন। কিন্তু আমাদের বেলায় সংক্রমণের আশঙ্কা দেখতে পাচ্ছে পুলিশ।’

এর আগেও একাধিকবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। এদিন তিনি ফের অভিযোগ করেন, মমতা সরকার রাজনীতি নিয়েই বেশি মেতে রয়েছে। সেকারনে করেনা পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। তাই এখন নিজেদের দায় এড়াতে চাইছে সরকার। এদিন রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্য সরকার আক্রান্ত ও মৃতের সংখ্যা চাপার চেষ্টা করছে। লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে লাশ লোপাট করছে। আর প্রশ্ন করলেই রাজনীতি করার অভিযোগ করছে সরকার। ২৩ এপ্রিল রাজ্য সরকার স্বীকার করে নেয় বাংলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন প্রচার করা হচ্ছে, রাজ্যে আক্রান্তের তুলনায় মৃত্যুর হার সারা দেশের মধ্যে কম। কিন্তু সে তথ্য ভুল। কারণ ৫৭ জনের মৃত্যু ধরলে মৃত্যুর হার অনেক বেশি গোটা দেশের তুলনায়।’ 

 
 
 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube