নিউজটাইম ওয়েবডেস্ক : ফের সাধু হত্যা! এবং এবার স্বয়ং যোগীর রাজ্যেই! সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি মন্দিরে দু’জন সাধুকে খুন করা হয়েছে। সূত্রের খবর, এই দুই সাধু সম্প্রতি চুরির অভিযোগ আনেন এক ব্যক্তির বিরুদ্ধে। ৫৫ এবং ৩৫ বছরের দুই সাধু একটি ছোট মন্দিরে অস্থায়ীভাবে থাকতেন। সেখানেই গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি দু’জন পুরোহিতকে হত্যা করার সময় প্রচণ্ড মাদকাসক্ত ছিল এবং এখনও মাদকাসক্ত অবস্থাতেই রয়েছে। মাদকের প্রভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই অপরাধের সঙ্গে সাম্প্রদায়িক কোনও ঘটনার কোনো যোগ নেই বলেই মনে করা হচ্ছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “দুই সাধুবাবা এখানে মন্দিরেই থাকতেন। মুরাই ওরফে রাজু নামে এক ব্যক্তি, তফসিলি উপজাতি ভুক্ত। তিনি একটি ‘চিমটা’ উঠিয়ে নিয়ে যান। যে কারণে পুরোহিতরা তাকে ধমক দেন এবং নির্যাতনও করেন। অনুমান, পুরোহিতরা এই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ আনায় রেগেছিলেন মুরাই। সন্তোষ সিং জানান, স্বাভাবিকভাবেই মনে হচ্ছে গাঁজা খেয়ে নেশা করে তিনি মন্দিরে গিয়ে তরোয়াল দিয়ে দু’জনকে হত্যা করেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের পালঘরে উন্মত্ত জনতা দুজন সাধু ও তাদের গাড়ি চালককে গণপিটুনিতে মেরে ফেলে। এমন গুজবও ছড়ায় যে ওই সাধুরা অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির জন্য শিশুদের অপহরণ করে নিয়ে যায়। বিজেপির একাধিক নেতা এবং দলের আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) অভিযোগ করেছে যে সাধুদের পরিকল্পনা করেই হত্যা করা হয়েছিল, তবে মহারাষ্ট্র সরকার এর কোনও সাম্প্রদায়িক দিক অস্বীকার করেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

