এক টাকাও অপচয় হয়নি, চিনের র‌্যাপিড টেস্ট কিটের বরাত বাতিল কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা টেস্ট কিট নিয়ে ইতিমধ্য়েই উঠেছে দুর্নীতির অভিযোগ। এহেন পরিস্থিতিতে এবার চিনা সংস্থার কাছে দেওয়া কিটের বরাত বাতিল করল মোদী সরকার। করোনা ভাইরাস পরীক্ষার জন্য ইতিমধ্য়েই গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকে কিটের অর্ডার দিয়েছিল ভারত। কিন্তু সেগুলির কোনটাই কাজের যোগ্য নয় বলে জানিয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। আর তার জেরেই বাতিল করা হল সমস্ত কিটের অর্ডার। তবে এখনও পর্যন্ত তাদের কোন টাকা দেওয়া হয়নি, ফলে এক টাকাও অপচয় হবে না বলে সোমবার জানান হয়েছে কেন্দ্র সরকারের তরফে। 

রাজ্য ও হাসপাতালগুলিকেও ওই চিনা সংস্থার পাঠানো কিট ব্যবহাররের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। একইসাথে সেগুলি যত দ্রুত সম্ভব কেন্দ্রের কাছে ফেরত পাঠাতেও বলা হয়েছে। কিন্তু সব কিট পাঠিয়ে দেওয়া হলে কিভাবে রাজ্যে করোনা পরীক্ষা করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। তবে টেস্ট কিট প্রসঙ্গে এদিন কিছুটা স্বস্তির কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তাঁর কথায়, “আমাদের কাছে পর্যাপ্ত পরিমান কিট রয়েছে। শুধু তাই নয়, দেশের সর্বত্র সমান সংখ্যক কিটের যোগান রয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিবের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন। যার জেরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭,৮৯২। করোনাকে হার মানিয়ে সুস্থ হয়েছেন ৩৮১ জন। যার ফলে সব মিলেয়ে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা হল ৬১৮৪। তবে আশার কথা হল, আগামী ১৪ দিনে দেশের ৮৫টি জেলায় নতুন করে কোন আক্রান্তের কোন খবর মেলেনি।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube