নিউজটাইম ওয়েবডেস্ক : পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের নিত্য প্রয়োজনীয়তার বিষয়টির দেখভাল করছে কেন্দ্র। সেজন্য লকডাউনের সময় শ্রমিকদের নিজেদের বাসস্থানে ফেরার দরকার নেই। সুপ্রিম কোর্টে এই কথা জানাল কেন্দ্র।
মজুরি-সহ পরিযায়ী শ্রমিকদের জন্য ছাড়ের দাবিতে শীর্ষ আদালতে একটি আবেদন পেশ করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। সেই মামলায় করোনার সংক্রমণ রুখতে সরকারের পদক্ষেপ নিয়ে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্র। স্বরাষ্টসচিব অজয় ভাল্লার জমা দেওয়া সেই রিপোর্টে জানানো হয়, অসংগঠিত ক্ষেত্রে নিম্ন আয়বিশিষ্ট মানুষদের সমস্যা দূর করতে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা’-র অধীনে নগদ অর্থ পাঠানো হচ্ছে। আগে ইপিএফওয়ের টাকা তোলার সুবিধা দেওয়া হচ্ছে। গত ৯ এপ্রিল পর্যন্ত ১,৪৯,৮৯১ সদস্য সেই সুবিধা নিয়েছেন। যে অস্থায়ী ছাউনিগুলিতে পরিযায়ী শ্রমিকরা থাকছেন, সেখানে মনস্তাত্বিক-সামাজিক বিষয়গুলির দেখভাল করা হচ্ছে বলে দাবি করেছে কেন্দ্র। রিপোর্টে কেন্দ্রের দাবি, লকডাউনের সময় বড় সংখ্যায় পরিযায়ী শ্রমিকদের ভিটেয় ফিরলে সরকারের প্রতিরোধমূলক পদক্ষেপগুলির উদ্দেশ্য ব্যর্থ হবে। পরিযায়ী শ্রমিকদের যাতে ভাড়া নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সেজন্য ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। যে পরিযায়ী শ্রমিক ও অন্য গরীব ব্যক্তিরা ভাড়াবাড়িতে রয়েছেন, তাঁদের ভাড়া দেওয়ার জন্য যাতে জোর না করা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘যদি কোনও বাড়ির মালিক সেই নির্দেশ অমান্য করেন, তাহলে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি, শীর্ষ আদালতের গত ৩১ মার্চের নির্দেশ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে একটি তথ্য যাচাই ইউনিটও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। রিপোর্টে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের চেষ্টার জন্য আরও অনেক দেশের তুলনায় ভারতে সংক্রমণ অনেক কম।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

