লকডাউনের বৈধতা আরো বাড়তে পারে যে যে রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১৬ মে পর্যন্ত দিল্লিতে লকডাউন বাড়ানোর প্রয়োজন হতে পারে। এমনই জানিয়েছেন এক আধিকারিক। আরও পাঁচটি রাজ্য লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। সেগুলি হল – মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। অন্যদিকে কেন্দ্রের নির্দেশিকা মেনে চলবে গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও কর্নাটক। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো কনফারেন্সের পর লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অসম, কেরালা ও বিহার। যদি ও ইতিমধ্যে লকডাউন বাড়ানোর পথে হেঁটেছে তেলাঙ্গানা। আগামী ৭ মে পর্যন্ত সেখানে লকডাউন চলবে। তা নিয়ে দু’দিন আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের সরকার।

মুম্বই ও পুণের সংক্রামক ও হটস্পট এলাকাগুলিতে আগামী ১৮ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে মহারাষ্ট্র। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, লকডাউন বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে লকডাউন আরও ১৫ দিন বাড়ানো হবে। তবে তা শুধুমাত্র সংক্রামক এলাকায় হতে পারে। পুরো লকডাউন তোলার পক্ষে নেই ওড়িশাও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস জানিয়েছেন, যে এলাকাগুলিতে করোনা আক্রান্তের হদিশ মেলেনি, সেখানে ধাপে ধাপে লকডাউন শিথিল করা উচিত। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে সংক্রমণ রোধের পদক্ষেপ জারি রাখতে হবে। আগামী ১ মে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। যে এলাকাগুলিতে করোনার প্রকোপ বেশি, সেখানে লকডাউন বাড়ানোর পক্ষে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য পুরোপুরি লকডাউনের পক্ষে যাবে না। বরং কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় লকডাউন বাড়ানোর পথে হাঁটতে পারেন মমতা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube