নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত তুঙ্গে। পশ্চিমবঙ্গে পাঠানো কেন্দ্রীয় দলকে সবরকম সহযোগিতা করতে হবে, এমন বার্তা জানিয়ে রাজ্যকে কড়া চিঠি দিয়েছে কেন্দ্র। বিপর্যয় মোকাবিলা আইনে কেন্দ্রের নির্দেশ মানতে রাজ্য যে বাধ্য, সেকথা কার্যত স্মরণ করিয়ে দিয়ে মমতা সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য, কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি জায়গায় লকডাউনের শর্ত ঠিকমত মানা হচ্ছে না। নবান্নের ভূমিকায় অসন্তুষ্ট হয় কেন্দ্র। এবার তাই রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলার সাত জেলায় কেন্দ্রীয় দল যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংকে ‘গুরুতর’ করোনা প্রভাবিত বলে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রের এই পদক্ষেপের পরই গর্জে ওঠেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার টুইটারে মমতা লিখেছিলেন, কী কারণে কেন্দ্রীয় দল পাঠানো হল, তা স্পষ্ট নয়। কোনও উপযুক্ত কারণ ছাড়া এ ধরনের পদক্ষেপ করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছেন, “কেন্দ্র যে রকম পদক্ষেপ করছে তা অত্যন্ত ভাল। কিন্তু রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে প্রোটোকল ভাঙা হয়েছে”।
মঙ্গলবার এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছেন, বাংলায় কেন্দ্রীয় দল পৌঁছোনোর ৩ ঘণ্টা পর মুখ্য়মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল, তা কখনই কাম্য নয়। ডেরেক বলেছেন, ”কেন্দ্রীয় দল অ্যাডভেঞ্চার ট্যুরিজম করছে। রাজ্যে কেন্দ্রীয় দল আসার ৩ ঘণ্টা পর মুখ্য়মন্ত্রীকে জানানো হয়েছে”।
এ প্রসঙ্গে এদিন মুখ্য়সচিব রাজীব সিনহা বলেন,এ বিষয়ে রাজ্যকে শুধু দোষ দিলে হবে না। কেন্দ্র-রাজ্য দু’জনকেই নিয়মানুবর্তিতা দেখাতে হবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

