নিউজটাইম ওয়েবডেস্ক : নারকেলডাঙায় লকডাউন মানা হচ্ছে না বলে রাজ্যকে ২ দিন আগে সতর্ক করেছিল কেন্দ্র, এবার সেখানে মিলল করোনা রোগীর সন্ধান। আর তার জেরে বন্ধ করতে হল কলকাতা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ। সোমবার সেখানে ভর্তি এক প্রসূতির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ ইডেন ভবনে সি সেকশন পদ্ধতিতে প্রসব হয় নারকেলডাঙার বাসিন্দা এক মহিলার। প্রসবের পরই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষায় পাঠান চিকিৎসকরা। রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এর পরই গোটা পাড়ায় শোরগোল পড়ে। করোনা হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ খালি করে ফেলা হয়েছে। ইডেন বিল্ডিং-সহ কয়েকটি ভবনে কিছু রোগী রয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে আইসোলেশনে। কিন্তু ইডেন বিল্ডিং একটাই। সেখানে করোনা আক্রান্ত মহিলার অস্ত্রোপচারের পর আরও প্রসব হয়েছে। তাই তা খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রতিটি অস্ত্রোপচারের আগে স্যানিটাইজ করা হয়েছে ওই স্থান। কিন্তু তার পরও সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই ইডেন বিল্ডিং বন্ধ করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সেখানে ভর্তি রোগীদের অন্যান্য মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া ওই বিভাগের চিকিৎসক ও নার্সদেরও কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

