এখনই চালু হচ্ছে না কবি সুভাষ মেট্রো পরিষেবা, সমস্যায় যাত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : এখনই চালু হচ্ছে না কবি সুভাষ মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, স্টেশনের ৪টি পিলারে ফাটল দেখা গিয়েছে যার ফলে বন্ধ রাখা হয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। স্টেশন মেরামত করতে ৮ থেকে ৯ মাস বা তার বেশি সময় লাগতে পারে। সমস্যায় নিত্য যাত্রীরা।

উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে মহালয়ার দিন চালু হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। মাত্র ১৫ বছরের মধ্যেই স্টেশনের ৪টি পিলারে ফাটল ধরেছে। প্রশ্ন উঠছে, যেখানে অন্যান্য অনেক মেট্রো স্টেশন আছে যেগুলো ৪০ বছরের পুরনো, সেখানে ১৫ বছরের মধ্যে কেন সমস্যা দেখা দিল এখানে? প্রতিদিন যে স্টেশনে এত মানুষের যাতায়াত, সেখানে পরিকাঠামোয় কীভাবে এমন ত্রুটি ধরা পড়ল? তবে কি নির্মাণেই গলদ ছিল? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ।

সূত্রের খবর, ইতিমধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অস্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, পিলারের ফাটল সারাতে এবং স্টেশনের বিভিন্ন অংশ সংস্কার করতে বছরখানের সময় লাগবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষার পর যদি প্রয়োজন মনে হয় গোটা মেট্রো স্টেশন ভেঙে আবারও নতুন করে তৈরি করা হতে পারে।

নির্মাণকারী বিশেষজ্ঞ, অধ্যাপক, পার্থপ্রতিম বিশ্বাস তিনি বলেছেন, মেট্রো স্টেশনে মাটি বসে যাওয়ার কারণে ফাটল হতে পারে। আর তা না হলে নির্মাণ করার সময় যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল তা অত্যন্ত নিম্নমানের যে কারণে এই ফাটল হতে পারে। মূলত ১০০ বছর এই ধরনের কাজে কোনরকম ফাটল দেখা যায় না। সে ক্ষেত্রে ১৫ বছরের মধ্যেই এই ফাটল অপ্রত্যাশিত। সেক্ষেত্রে বোঝাই যায় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে নজরদারি সঠিকভাবে করা হয়নি। হঠাৎ করে এই ধরনের এতবড় ফাটল অপ্রত্যাশিত। পরিষ্কার মেট্রো রেল কর্তৃপক্ষের নজরদারিতে খামতি রয়েছে। এর দায় মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিতে হবে। এখন দেখার কবে স্বাভাবিক হয় কবি সুভাষ মেট্রো রেল পরিষেবা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube