নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন পরবর্তীকালেও করোনা সংক্রমণ রোধ করতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউন উঠে যাওয়ার পরে এগিয়ে থাকা প্রথম ১০টি অঞ্চল এবং ১০টি সিদ্ধান্ত নির্ধারণ করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিলেন মোদী। রবিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী জানিয়েছেন, লকডাউন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে নেতাদের নিয়মিত যোগাযোগ রেখে চলা গুরুত্বপূর্ণ। বিশেষ করে জেলাস্তরে সংক্রমণের প্রভাব বেশি থাকার সম্ভাবনায় সংকটের পরিস্থিতি জানতে এবং প্রয়োজনে তার সমাধান খুঁজে বের করতে নেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংকট মোকাবিলায় অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে হবে বলেও এ দিন জানিয়েছেন মোদী। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রোখার দিকে দৃষ্টিপাত করতে বলেন তিনি। কৃষক উন্নয়নের স্বার্থে আগামী ফসল তোলার মরশুমে তাঁদের সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকদের সঙ্গে বাজারের সরাসরি যোগাযোগ করাতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। করোনা হানায় ক্ষতিগ্রস্ত রফতানি ব্যবসাকে আগের অবস্থায় ফেরাতে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশও এ দিন দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, গ্রামীণ অঞ্চলে আরোগ্য সেতু অ্যাপ-এর জনপ্রিয়তা বৃদ্ধিতে মন্ত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

