অপরাজিতা বিল দ্রুত কার্যকর করতে এবার দিল্লির দরবারে তৃণমূল। বৃহস্পতিবারই বাংলার শাসক দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) দ্বারস্থ হয়েছে। তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিলে স্বাক্ষর করার অনুরোধ জানিয়েছেন বলেই খবর।
এদিন তৃণমূলের ১১ সাংসদের একটি প্রতিনিধি দল দিল্লিতে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া এই প্রতিনিধি দলে ছিলেন ৯ জন মহিলা সাংসদ। প্রসঙ্গত, সংসদে গতবার অধিবেশন শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের সাংসদদের অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা বলেছিলেন।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা (RG Kar Case) গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই ঘৃণ্য অপরাধ রুখতে ধর্ষণের চরম শাস্তির প্রস্তাব হিসেবে বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে আসে শাসক দল। বিধানসভায় বিল পাশ হয়। রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে বিল পৌঁছে যায় কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর না মেলায় এখনও বিলটিকে আইনে পরিণত করা সম্ভব হয়নি। অপরাজিতা বিল (Aparajita Bill) পাশ হওয়ার পরই তা দ্রুত কার্যকর করাতে পথে নেমেছিল মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)।
‘অপরাজিতা নারী ও শিশু (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ আইনে পরিণত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে। নারী ও শিশুদের সঙ্গে যৌন নির্যাতন হলে তা জামিন অযোগ্য ধারার অন্তর্গত হবে। এমনকি দোষীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

