সুপ্রিম কোর্টে খারিজ হল অভয়ার পরিবারের আর্জি। পুনর্তদন্তের দাবি জানিয়ে নির্যাতিতার বাবা-মা দ্রুত শুনানির আবেদন করেছিলেন শীর্ষ আদালতে। এখনই দ্রুত শুনানির প্রয়োজন নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ।
আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের অবসরের পর এই মামলা শুনছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। গত জানুয়ারি মাসে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। সঞ্জয় একা নয়, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আছে আরও অনেকে, একাধিকবার দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। সিবিআইয়ের তদন্ত নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। এরপরই পুনর্তদন্তের আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান নির্যাতিতার পরিবার। সঞ্জয় রায় একমাত্র দোষী নয়, এর সঙ্গে আরও মাথা জড়িয়ে আছে । তাদেরকেও ধরতে হবে। পরিবারের আইনজীবী করুণা নন্দি এই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেন। প্রধান বিচারপতি জানান এই বিষয় নিয়ে এখনই এত তাড়াহুড়োর দরকার নেই । পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ ১৭ মার্চেই হবে মামলার পরবর্তী শুনানি।
শিয়ালদহ আদালতের রায়দানের পর আরও একবার CBI-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় নির্যাতিতার বাবা-মা’কে। সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, এই আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। তবে উচ্চ আদালত জানায়, মামলার জন্য সুপ্রিম কোর্টেরও অনুমতি প্রয়োজন। আরজি কর কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে অভয়ার পরিবার। ১৭ মার্চ শুনানির দিন ধার্য হয়। কিন্তু দ্রুত শুনানির আবেদন জানান অভয়ার বাবা-মা। এদিন সেই আবেদনই খারিজ করল সুপ্রিম কোর্ট।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

