খাস কলকাতায় ফের একবার প্রশ্নের মুখে নিরাপত্তা- সুরক্ষা। জনবহুল রাস্তায় এক তরুণীর ওপর হামলা, ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তরুণীর। বাবার সঙ্গে পরকীয়ার জেরেই ক্ষোভের বশে হামলা চালায় নাবালক, প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাইপাসের একটি ধাবার সামনে এক তরুণীর উপর চড়াও হয় অভিযুক্ত নাবালক ও তার মা। একের পর এক কোপ বসাতে শুরু করে। গলার নলি কেটে দেওয়া হয় বলেও জানা যায়। রক্তাক্ত অবস্থায় তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ ইতিমধ্যেই নাবালক হামলাকারীসহ কয়েকজনকে গ্রেফতার করেছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তর বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন বছর ২৪ এর ওই তরুণী। গতকাল রাতে বাবার ফোনের জিপিএস ট্র্যাক করে মা ও পরিবারের কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যায় নাবালক। সেখানে দু’জনকে একসাথে দেখা যায়। এরপরই একাধিকবার তরুণীকে কোপানো হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও অভিযুক্তরা আটকে দেয় তাঁকে। স্থানীয়রাই ঘটনাস্থলে জড়ো হয়ে নাবালককে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে অভিযুক্তর বাবার এখনও খোঁজ পাওয়া যায়নি। হামলার নেপথ্যে আসল কারণ কী, জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

