নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। মুম্বইয়ের হাসপাতালেই অস্ত্রোপচার হয় তাঁর। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এরপর কেটে গিয়েছে বেশ কিছু দিন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি (Saif Ali Khan Health Update)। কবে বাড়ি ফিরবেন তিনি? কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, বিপদমুক্ত রয়েছেন সইফ আলি খান। দ্রুত সেরে উঠছেন তিনি। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার বাড়ি ফিরতে পারেন ‘নবাব’। গত বৃহস্পতিবার গভীর রাতে সইফ-করিনার (Kareena Kapoor) বান্দ্রার বাড়িতে হানা দিয়েছিল এক দুষ্কৃতী। জানা যায়, সন্তানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সইফ। ছ’বার ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার সময় ধারাল অস্ত্রের কিছু অংশ অভিনেতার শিরদাঁড়ার কাছে আটকে যায়। দীর্ঘ পাঁচ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করে আনা হয়। এরপর আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সইফ আলি খান।
মুম্বই পুলিশ (Mumbai Police) ঘটনার তদন্ত শুরু করে। গত রবিবার মহম্মদ শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা যায়, ধৃত বাংলাদেশী নাগরিক। বেশ কিছু সময় ধরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘাঁটি গড়েছিল সে। কী কারণে হামলা চলে, সইফের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

