স্যালাইনকাণ্ড এবার হাইকোর্টে, দায়ের জোড়া জনস্বার্থ মামলা

নিম্নমানের স্যালাইন ব্যবহার করায় প্রসূতির মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। এই স্যালাইন কেন ব্যবহার করা হল, উঠছে প্রশ্ন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। এবার স্যালাইন কাণ্ডের জল গড়াল হাইকোর্টেও। দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহেই রয়েছে মামলার শুনানি।

জোড়া জনস্বার্থ মামলার মধ্যে একটি দায়ের করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অন্য মামলাটি করেছেন বিজয় সিংহল।  মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে। ‘২০২৪ এর মার্চ মাসে কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরও এই রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে রিঙ্গারস ল্যাকটেট স্যালাইন? এই প্রশ্ন হাইকোর্টের সামনে তুলেছেন মামলাকারী। চলতি মাসেই আরজি কর হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে, এমনটাও দাবি করেছেন মামলাকারী।

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একাধিক প্রসূতির অসুস্থ হওয়ার খবর সামনে আসে। মৃত্যু পর্যন্ত হয় একজনের। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। মৃতার পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। রোগিণীর মৃত্যুর পর জানা যায়, রিঙ্গারস ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার তিনদিন আগেই রিঙ্গারস ল্যাকটেট স্যালাইন নয়, এর বিকল্প হিসেবে অন্য স্যালাইন ব্যবহারের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর। আরও জানা যায়, গত বছর মার্চ মাসে কর্ণাটকে এই RL স্যালাইন ব্যবহার করায় চার প্রসূতির মৃত্যু হয়। ঘটনার ৯ মাস পর গত ডিসেম্বরে এই স্যালাইন উৎপাদন বন্ধের নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ্য প্রশাসন। এরপরও বন্ধ করা হয়নি ব্যবহার। এমনকিএমনকি সোমবারও (১৩ জানুয়ারি) রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে মেডিক্যাল স্টোরের সামনে দেখা যায় RL স্যালাইনের একাধিক পেটি।  

সূত্রে খবর, বাংলায় কেবল মেদিনীপুর মেডিক্যাল নয় এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মত প্রথম সারির হাসপাতালেও রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার চলছিল। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এই ঘটনায় বৈঠক করেছে। এবার রিঙ্গারস ল্যাকটেটকাণ্ড গেল হাইকোর্টেও।        

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube