প্রসূতির মৃত্যুতে সরগরম রাজ্য রাজনীতি, এসএসকেএমে স্বাস্থ্য বৈঠক

নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যুতে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য বৈঠক হয় । সঙ্কটজনক ৩ প্রসূতিকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে মেদিনীপুর হাসপাতালের সামনে বিজেপির বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শনে শামিল হন বিরোধীরা । অন্যদিকে এই স্যালাইন কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদউত্তীর্ণ স্যালাইনে মৃত্যু হয়েছে প্রসূতির। জন্মের পরই মাতৃহারা হয়েছে সদ্যোজাত শিশু। পরিবারের লোকেদের অভিযোগ ছিল, নিষিদ্ধ স্যালাইন কেন ব্যবহার হবে, কেন রোগীদের দিকে নজর দেবে না চিকিৎসকেরা। ঘটনার দিন থেকেই উত্তাল হয়েছিল হাসপাতাল চত্তর। শুক্রবার স্বাস্থ্য ভবনের তরফে গঠিত তদন্তকমিটির সদস্যরা মেদিনীপুর হাসপাতালে গিয়েছিলেন । শনিবার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে এসএসকেএম হাসপাতালে হয় স্বাস্থ্য বৈঠক।

প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী জানান, অসুস্থ ৪ প্রসূতির মধ্যে সঙ্কটজনক ৩ প্রসূতিকে গ্রিন করিডর করে এসসেকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

অপরদিকে চিকিৎসায় গাফিলতি, ত্রুটিযুক্ত স্যালাইন ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। হাসপাতালের সুপারের গ্রেফতারের দাবির পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিও জানানো হয় এদিন। হাসপাতালের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও পোড়ানো হয়। স্যালাইন কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসূতি মৃত্যুর প্রতিবাদ করায় বাম কর্মীদের পুলিশি হেনস্থার প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচী বামেদের । মুখ্যমন্ত্রীর কুশপুতুল সহ মেদিনীপুরের রিং রোড প্রদক্ষিণ করে হাসপাতালের ভেতরে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাড় করিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

অপর দিকে স্বাস্থ্য দফতরের পোর্টালের তথ্য বলছে, নিষিদ্ধ ব্যাচের স্যালাইন অর্ডার করেনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কিভাবে সেই স্যালাইনের স্টক মেদিনীপুর হাসপাতালে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube