এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যেই দেখা গেল দ্বিমত। বিচারপতি অপূর্ব সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিনের আবেদন খারিজ করলেও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনে সায় দেন। দুই বিচারপতির দ্বিমতের জেরে মামলা গেল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার জামিনের শুনানি চলে বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। গত অক্টোবর মাসে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। বুধবার সেই মামলার রায়দান শুরু হলে দেখা যায় বিচারপতি অপূর্ব সিনহা রায় জামিনের আবেদন খারিজ করেন কিন্তু অপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। এরফলে পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিন হবে কি না তার সিদ্ধান্ত নিতে মামলা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে। লার্জার বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় তদন্ত চালিয়ে একের পর এক গ্রেফতারি হয়। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও বারবার তা খারিজ হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলার ‘কিংপিন’ তকমা দিয়ে জামিনের বিরোধিতা করেছে আদালতে।
উল্লেখ্য, প্রাইমারী নিয়োগে ইডির দুর্নীতি মামলায় বুধবার ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে কুন্তল ঘোষের। তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

