মঙ্গলবার থেকে আবারও রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা । সোমবার রাতে ৮ ঘন্টা জেনারেল বডি বৈঠকের শেষে পুজোর আগে ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা ।
এই প্রসঙ্গে জানানো হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে ডাক্তারদের সুরক্ষা, রোগী পরিষেবা এবং ভয়ের রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি চলবে । এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট । ইতিমধ্যেই তাদের তরফে দ্রুত ন্যায়বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যসচিবকে অপসারণ সহ মোট ১০ দফা দাবি পেশ করা হয়েছে।
তাঁদের দাবিঃ
১) দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না হয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।
২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।
৩) অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করতে হবে।
৪) প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।
৫) অতি দ্রুত সবকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
৬) হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলান্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।
৭) হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে৷
৮) প্রতিটি মেডিক্যাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে।
৯) অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ-কে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্র-ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
১০) WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

