পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা!রাজ্যকে পাল্টা ডেডলাইন

সোমবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট । একই সঙ্গে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কিন্তু তাতেও মিলল না সুরাহা। পালটা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ।

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের পাঁচ দফা দাবি মানতে হবে। তবেই তাঁরা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করবেন । সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ।

পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা । সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ । পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দুষ্টচক্র নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন তারা । এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টার মধ্যে দাবিপূরণ না হলে স্বাস্থ্যভবনের সামনেই অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন চিকিৎসকরা ।

এই পাঁচ দফা দাবিগুলি হল :-
১) আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।  
২) তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা।
৩) কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। 
৪) রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৫) রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দুষ্টচক্র নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবি ।

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। পালটা চিকিৎসকদের দাবি, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকার উপরোক্ত দাবিগুলি মেনে নিলে তবেই কাজে ফেরার প্রস্তাব ভাবনাচিন্তার পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা । অন্যথায় মনে করা হবে, রাজ্যের এই অচলাবস্থা কাটাতে সরকার আগ্রহী নয় । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube