বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ । রাতারাতি সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে । আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি । ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর জেলায় ।
আগামী বুধবার এবং বৃহস্পতিবার থাকবে মেঘলা আকাশ । পাশাপাশি রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে । একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে রাজ্যে । দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তাহকছে । এমনকি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ।
ফিশারম্যান অ্যালার্ট
আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জারি করা হয়েছে সতর্কবার্তা ।
সিস্টেম
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে । এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তারপর ওড়িশা পেরিয়ে ছত্রিশগড়ের দিকে যাবে আগামী ১২ ঘন্টায় । অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানির হয়ে ওড়িশার গভীর নিম্নচাপ এলাকায় এবং তারপর পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গ
আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর জেলায় ।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর জেলায় । বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই । বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতেই । শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গ
আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ।
বুধবার ভারী বৃষ্টি পার্বত্য জেলাগুলিতে । দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে ।
বৃহস্পতিবারও ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ এই তিন জেলায়। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়।
কলকাতা
শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । কখনও চলবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৪ শতাংশ থাকবে ।
ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় । অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশের কিছু অংশে, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিদর্ভ ওড়িশা রাজ্যে । আগামীকাল ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড, রাজস্থান, ছত্রিশগড়, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট কেরালা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কর্ণাটক রাজ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

