কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠে। সকাল থেকেই মন্দির চত্বরে চূড়ান্ত ব্যস্ততা। প্রতিমার স্নান, মঙ্গলারতির মধ্য দিয়ে আজ ভোরে তারাপীঠে শুরু হয় বিশেষ পুজো।
প্রতিবছরের মত এবছরও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন তারাপীঠে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, মন্দিরের প্রবেশ পথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। অন্যদিকে সকাল থেকেই মন্দিরের ভোগ ঘরে সাজো সাজো রব। কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগের আয়োজন হয় তারাপীঠে।। পোড়া শোল মাছ দিয়ে পোলাও, ভাজাভুজি, বলির পাঁঠার মাংস, পায়েস, মিষ্টান্ন অর্পণ করা হয় দেবীকে।
সোমবার ভোর ৫ টা ৫ মিনিটে অমাবস্যার তিথি শুরু হয়েছে। মঙ্গলবার ৬ টা ২৯ পর্যন্ত এই তিথি থাকবে। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার অনেক মাহাত্ম্য রয়েছে ৷ কথিত আছে, এদিনই সাধনা করে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন। এদিন তন্ত্র মতে পূজিত হন দেবী। তাই তন্ত্রসাধনার জন্য এ দিনটিকে তান্ত্রিকেরা বেছে নেন। তারাপীঠ মহাশ্মশানে যাগ-যজ্ঞ সহকারে তারা মা-র আরধনা করেন তান্ত্রিকেরা।
পুরাণ মতে, কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি, ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শুম্ভ ও নিশুম্ভ র অত্যাচারের মাত্রা বেড়ে যায়। সেই অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে পড়ে। অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হলে দেবী তার দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ংকর এক দেবী, দেবী কৌশিকী। এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভশক্তির নাশ করে শুভ শক্তির প্রতিস্থাপন করেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

