আরজি করকাণ্ডে একাধিক অভিযোগ ও বিতর্কে কার্যত জর্জরিত রাজ্য। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে। বিচারের দাবিতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েও পথে নেমেছেন। তাঁর সঙ্গে দেখা গিয়েছে টলিউডের বহু কলাকুশলীদের যারা শাসক দলের সদস্যও বটে। কিন্তু এবার টলি ইন্ডাস্ট্রির তারকাদের নিশানায় এনেই কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পরপর কয়েকটি পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘তাঁরা আমাদের অসম্মান করতে একটি সিনেমা তৈরি করেছে। টলি ইন্ডাস্ট্রি কী করছে? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, পদে রয়েছেন, ক্ষমতা উপভোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকছেন, কী করছেন তাঁরা। এই ধরনের প্রচারের মোকাবিলা করতে কী করছেন তাঁরা?’

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই আলোচনার শিখরে উঠে এসেছে ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি। শীঘ্রই এই ছবির মুক্তি পাওয়ার কথা। বাংলায় এই ছবির মুক্তি আটকটাতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মামলাকারীর আবেদনে সাড়া দেয়নি। ফলে বাংলায় ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তি নিয়ে কোনও বাধা নেই।
আরও একটি পোস্টে কুণাল ঘোষ লেখেন, ‘আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে।…’ এছাড়া এই পোস্টেই টলি তারকাদের ‘টলিগঞ্জের বাবু/বিবিরা’ বলে কটাক্ষ করে লেখেন, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।‘ অভিযোগ জানিয়েই যোগ করেছেন, ‘এঁরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এঁদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এঁরা মুখ খোলা বন্ধ করেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না।‘

টলিউডের তারকা যারা দলের সঙ্গে সক্রিয় তাঁদের কটাক্ষ ও আক্রমণ কুণাল ঘোষের, বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

