আরজি করকাণ্ডের পর সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। গত কয়েকদিন ধরেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। কলকাতা পুলিশের তরফেও দায়ের করা হয়েছে মামলা। এরইমধ্যে নিরাপত্তার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সন্দীপ ঘোষের পরিবার।
জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের পর হুমকির শিকার হচ্ছেন সন্দীপ ঘোষের পরিবার। প্রাক্তন অধ্যক্ষের স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ি একই বাড়িতে থাকেন। তবে হুমকির কারণে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপের স্ত্রী ও শ্বশুরমশাই। প্রচুর মানুষ দফায় দফায় বড়ির সামনে জমায়েত করছেন বলেও জানান মামলাকারীদের আইনজীবী। বুধবার এই মামলার শুনানি হয়। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ সন্দীপ ঘোষের পরিবার এবং তাঁর বাসস্থানের উপযুক্ত পুলিশি নিরাপত্তার অনুমতি দেয়।
হাইকোর্ট জানায়, যেকোনও সমস্যায় বেলেঘাটা থানাকে পরিবারের পাশে থাকতে হবে এবং উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। যদিও রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যেই পরিস্থিতি বুঝে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের মোবাইল ভ্যানও রাখা হয়েছে বলে আদালতে জানায় রাজ্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

