আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। কর্তব্যরত অবস্থায় হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে সব মহল। এরই মধ্যে মহারাষ্ট্রের থানেতে দুই শিশুকে স্কুলের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষোভে সামিল পড়ুয়াদের পরিবারের সদস্য সহ আরও অনেকেই। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, নির্যাতিতা দুই শিশু মহারাষ্ট্রের থানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। গত সপ্তাহে স্কুলের শৌচাগারে তাঁদের যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু ভয়ে এই ঘটনা কাউকে জানাতে পারেনি দুই শিশু। তবে তারপর থেকেই আতঙ্কের জেরে স্কুলে যেতে চাইছিল না তারা। অবশেষে অভিভাবকদের চাপে গোটা ঘটনা প্রকাশ্যে আনে দুই শিশু। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এমনকি পুলিশি তদন্তেও নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি সামনে এসেছে। যেমন, মেয়েদের শৌচাগারে কোনও মহিলা কর্মী নেই। এছাড়া বেশ কিছু সিসিটিভি অকেজো অবস্থায় রয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিবাদে পথে নেমেছে দুই নির্যাতিতা শিশুর পরিবার ও স্থানীয় নাগরিকরা। বদলাপুর স্টেশন অবরোধ করেও চলে বিক্ষোভ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফাস্ট ট্র্যাক আদালতে ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

