আর্থিক বেনিয়মের অভিযোগ, আরও বিপাকে সন্দীপ ঘোষ!

আরজি কর কাণ্ডে নতুন মোড় । হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল আগেই, বিশেষ করে ডা. সন্দীপ ঘোষ আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালে একাধিক আর্থিক বেনিয়ম ধরা পড়েছে বলে একাধিকবার দাবি করা হয়েছে । এবার সেই সমস্ত অভিযোগের তদন্ত করতে আইজি পদমর্যাদার আইপিএসের নেতৃত্বে সিট গঠন করল রাজ্য সরকার ।

সিটের মাথায় থাকবেন আইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক প্রণব কুমার । বাকি সদস্যরা হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় । প্রয়োজনে রাজ্য এবং কলকাতা পুলিশ থেকে আরও সদস্যকে যুক্ত করা হতে পারে বলে খবর ।

২০২১ সাল থেকে আজ পর্যন্ত আরজি কর হাসপাতালে ওঠা সমস্ত আর্থিক বেনিয়মের তদন্ত করবেন তাঁরা । সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন । এক মাসের মধ্যে তারা রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে । নবান্নের এই নির্দেশে যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরও বিপাকে পড়বেন, তা আর বলার অপেক্ষা রাখে না । 

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি সময়ে আরজি কর হাসপাতালে স্যালাইনের তীব্র আকাল দেখা দিয়েছিল । স্যালাইনের সংকট এতটাই তীব্র হয়েছিল, যে কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, সাগর দত্ত থেকে স্যালাইন জোগাড় করে রোগী পরিষেবা বজায় রাখতে হয়েছিল সেখানে । অভিযোগ, যে সংস্থা সেই সময় স্যালাইন সরবরাহ করত, তাদের বিপুল অর্থ বকেয়া ছিল । বেশ কয়েকবার তা মেটানোর জন্য চাপ দিয়েও বকেয়া মেলেনি । তাই তারা স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় । কিন্তু কেন এই বিপুল পরিমাণ অর্থ বকেয়া হল?

অর্থ দফতরের নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকা পর্যন্ত ওষুধ কেনার ক্ষমতা থাকে হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলির । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ধাপে ধাপে টাকা মিটিয়ে দিলেই এমন অস্বস্তিকর অবস্থা হত না । কিন্তু আরজি কর হাসপাতালের ফিনান্স থেকে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি ।

পাশাপাশি গত বছর যক্ষ্মা পরীক্ষার কিটের গুণগত মান নিয়েও সংশয় দেখা দিয়েছিল । যদিও সেই ঘটনায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই । কিন্তু তাঁর ওপর যে চাপ ছিল, তা এখন অনেকেই আড়ালে আবডালে মেনে নিয়েছেন । এই সমস্ত খবর সামনে আসার পরই নড়চড়ে বসল রাজ্য প্রশাসন । তড়িঘড়ি সন্দীপ ঘোষের আমলে হওয়া আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত আর্থিক বেনিয়মের বিরুদ্ধে সিট গঠন করল রাজ্য সরকার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube