সুন্দরবন ভ্রমণে এবার থেকে বাড়তি খরচ গুনতে হবে পর্যটকদের। অনুমতি মূল্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঘ্র প্রকল্পের তরফে। তবে ইলিশ উৎসবের মরশুমে হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ায় সমস্যায় পর্যটন ব্যবসায়ীরা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, সুন্দরবন ভ্রমণে আগে যেখানে পর্যটক পিছু অনুমতি মূল্য ছিল ১২০ টাকা সেখানে বর্তমানে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। নেতিধোপানী পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের ২৪০ টাকার পরিবর্তে ৩০০ টাকা দিতে হবে। সজনেখালি ক্যাম্প, ওয়াচ টাওয়ারে উঠে পাখির চোখে ম্যানগ্রোভের জঙ্গল সহ দর্শনীয় স্থানগুলি দেখার জন্য আগে যেখানে পর্যটকদের ৩০ টাকা দিতে হত, এবার তার মূল্য বেড়ে হল ৫০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ মূল্য এক ধাক্কায় অনেকগুণ বেড়ে গিয়েছে। আগে অনুমতি মূল্য হিসেবে পর্যটকদের ৫০০ টাকা দিতে হত, তবে এবার তা বেড়ে একেবারে দ্বিগুণ করা হয়েছে। লঞ্চে ভ্রমণের জন্য ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করা হয়েছে। লঞ্চ বা ভুটভুটির বার্ষিক রেজিস্ট্রেশান চার্জ যেখানে ছিল ২০০০ টাকা সেই টাকা বাড়িয়ে ৩৫০০ টাকা করা হচ্ছে। বাৎসরিক পঞ্জীকরনের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে টাকা।
সুন্দরবনে গাইডদের চার্জ বাড়ানো হয়েছে। আগে একটি পর্যটকের গ্রুপ পিছু গাইডের জন্য ৬০০ টাকা খরচ হত থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৮০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। এছাড়াও সুন্দরবনে কোন সিনেমা বা অন্যকোন প্রজেক্টের শুটিং করতে গেলে আগের তুলনায় অনেক বেশি টাকা দিতে হবে বলে ঘোষণা করা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে। সম্প্রতি এ বিষয়ে নোটিশ জারি করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
তবে বছরের মাঝ পথে এভাবে সুন্দরবন ভ্রমণের খরচ বাড়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা। যদিও বন দফতরের দাবি চার বছর পর সুন্দরবনের পর্যটকদের জন্য ভ্রমণ মূল্য বাড়ানো হয়েছে। সুন্দরবনের পর্যটনস্থলগুলির রক্ষণাবেক্ষণ এই অর্থ দিয়ে হয়। তাই পর্যটকদের আরও ভালো পরিকাঠামো উপহার দেওয়ার জন্যই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে তারা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নয়া ভাড়া কার্যকর করা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

