গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে সেটি । সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে বাংলায় । এই ত্রিফলায় লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায় । আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি হতে পারে বলে খবর । মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
নিম্নচাপ
ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । যা ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে । আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ড থেকে সরে যাবে এই নিম্নচাপ । এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে; অভিমুখ বিহার হয়ে উত্তরপ্রদেশ । গয়া থেকে ৭০ কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ । ১৭০ কিলোমিটার দূরে রয়েছে ডালটনগঞ্জ থেকে ।
সিস্টেম
পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত যেটি মধ্যপ্রদেশ এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে । মৌসুমী অক্ষরেখা বিকানির ডামহো খাজুরাহো এর পর উত্তর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।
দক্ষিণবঙ্গ
আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশি বৃষ্টি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় । বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ।
শনিবার বিকেলের পর পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা । রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দু-একটি জায়গায় । গত দু’দিনের ভারী ও অতি ভারী বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হবে । ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে ।
উত্তরবঙ্গ
আজ শনিবার ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলাতেই । ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় । মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলায় । সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলাতেও । মঙ্গলবারও উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে ।
উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে বলে জানানো হয়েছে । পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে । নদীর জলস্তর বাড়তে পারে বলেও খবর । নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ।
কলকাতা
কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। দিনভর মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকাল ও দুপুরে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ । বৃষ্টি হয়েছে ২৯.৯ মিলিমিটার ।
ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝাড়খন্ড, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট ও মধ্য মহারাষ্ট্রতে । তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরালা, মাহে এবং কর্নাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ উত্তরাখন্ড, হরিয়ানা, চন্ডিগড়, পাঞ্জাব, উত্তর প্রদেশ, জম্ম ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

