বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এই অভিযোগ তুলেই নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠক বয়কট করেছেন। বিরোধী শিবিরের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জানিয়েছিলেন, তাঁকে বলতে দেওয়া না হলে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করবেন। সেই আশঙ্কাই সত্যি হল আজ!
এদিন বৈঠকের মাঝপথে ওয়াক আউট করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে বলতে দেওয়া হয়নি। বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়। ৫ মিনিটের মধ্যেই মাইক বন্ধ করা হয়।‘ তাঁর আরও অভিযোগ, বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রীদের জন্য যেখানে ১৫-২০ মিনিট করে সময় বরাদ্দ ছিল সেখানে তিনি বলতে শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়।‘ ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার বিকেলে কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।
শুক্রবার দিল্লির যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘কিছুক্ষণ থাকব। ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব। নাহলে বেরিয়ে আসব। প্রতিবাদ করব। চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলার।‘ কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। তবে PIB Fact Check-এর তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কার্যত নস্যাৎ করা হয়েছে। তাঁদের পাল্টা দাবি, মধ্যাহ্নভোজনের বিরতির পর পুনরায় বলার সুযোগ পেতেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর কলকাতা ফেরার তাড়া থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সপ্তম স্পিকার করা হয়েছিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

