নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিক্যান দলের প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে এক পোস্টে ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন । আমেরিকার জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা কিছুদিন আগে জানান, ট্রাম্পকে খতম করার ইরানি চক্রান্তের খবর তাঁরা আগেই জানতে পেরেছিলেন । তার প্রেক্ষিতে রিপাবলিক্যান প্রার্থীর নিরাপত্তা আরও জোরদার করা হয় । এরপরই ইরানকে ধ্বংস করার হুঙ্কার ট্রাম্পের । নিজের সোস্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ইরান যদি ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা’ করে, তাহলে তিনি আশা করেন যে আমেরিকা তখন ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। যদি সেটা না করা হয়, তাহলে মার্কিন নেতারা ‘নির্লজ্জ’ কাপুরুষ হিসাবে বিবেচিত হবেন । মার্কিন কংগ্রেসে বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য পোস্ট করেন । সেখানে নেতানিয়াহু নিজের ভাষণে, ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্তের বিষয়টি উল্লেখ করেছিলেন । পেনসিলভেনিয়া রাজ্যের নির্বাচনী প্রচার সমাবেশে গত ১৩ জুলাই ট্রাম্পের উপর হামলা হয় । তার ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি । গোয়েন্দা সংস্থা এফবিআই ওই হামলার ঘটনাকে ট্রাম্পকে হত্যার চেষ্টা বলে চিহ্নিত করেছে । তবে সেই ঘটনার সঙ্গে ইরানি চক্রান্তের কোনও যোগ নেই বলেই মনে করছেন আমেরিকার প্রাক্তন গোয়েন্দা কর্তারা । সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তেহরানের একটি পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছিল মার্কিন কর্তৃপক্ষ । অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমও সেই ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে । যদিও গোয়েন্দা কর্তারা এটাও বলছেন যে, পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলাকারী যুবক টমাস ম্যাথু ক্রুকসের সঙ্গে ইরানের এই চক্রান্তের যোগসূত্র থাকার কোনও আলামত তারা পাননি । যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে । ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানির মৃত্যুর পর, দুই দেশের সম্পর্ক একদম তলানিতে । ইরান সেই সময় এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল । প্রসঙ্গত, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প । মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তারা কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকি খতিয়ে দেখছে । ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন বেশ কয়েকবার ইরানের বিরুদ্ধে নানা হুমকি দিয়েছেন । ২০১৯ সালেও তিনি একই ভাবে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন । বলেছিলেন, তেহেরান যদি ওয়াশিংটনের কোনও কিছুর ওপর হামলা চালায়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

